অর্থনৈতিক প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের দুই পুঁজিবাজারে সূচকের পাশাপাশি বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। একই সঙ্গে বেড়েছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, মঙ্গলবার দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৬৬টির দর বেড়েছে, কমেছে ১০৫টির আর অপরিবর্তিত রয়েছে ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট বেড়ে চার হাজার ৬৫৭ পয়েন্টে অবস্থান করছে এবং শরীয়া সূচক ডিএসইএস ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৫ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৬৬ পয়েন্টে অবস্থান করছে। আর টাকায় লেনদেন হয়েছে ৩৩৯ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট; যা গত দিনের চেয়ে ৪ কোটি টাকা বেশি। সোমবার লেনদেন হয়েছিল ৩৩৫ কোটি টাকা।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৪১ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬৫৫ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে মোট ২৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ৬৯টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৯ কোটি ৮৯ লাখ টাকা।

