অর্থনৈতিক প্রতিবেদক : একাউন্ট খোলা থেকে শুরু করে যাবতীয় ব্যাংকিং লেনদেন এখন থেকে ঘরে বসে করার উদ্দেশে ‘স্মার্ট ওপেনার’ নামের একটি সেবা চালু করলো বেসরকারিখাতের ব্র্যাক ব্যাংক লিমিটেড। একই সঙ্গে ব্যাংকটির একটি মোবাইল অ্যাপসও চালু করা হয়েছে।
মঙ্গলবার ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান, ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাসকিন আহমেদ এ দুটি তথ্যপ্রযুক্তি নির্ভর সেবার উদ্বোধন করেন।
স্মার্ট ওপেনার হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট বা হিসাব খোলার ক্ষেত্রে এ ধরনের প্রথম সেবা। ‘স্মার্ট ওপেনার’ এর মাধ্যমে গ্রাহকেরা এখন থেকে ঘরে বসেই ব্যাংক অ্যাকাউন্ট বা হিসাব খোলতে পারবেন।
পাশাপাশি ব্যাংকিং লেনদেন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। ‘মোবাইল অ্যাপস’ এর মাধ্যমে যেকোনো সময়ে যেকোনো স্থানে ব্যাংকিং সেবা পাবেন। এ সেবার আওতায় গ্রাহককে ব্যাংকে যেতে হবে না, বরং ব্যাংকের কর্মকর্তারাই গ্রাহকের বাড়িতে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট বা হিসাব খুলে দেবেন। ব্যাংক কর্মকর্তারা তাদের সঙ্গে একটি ট্যাবলেট আনবেন ও তা দিয়ে গ্রাহকের ছবি তুলবেন। সেই সঙ্গে রেগুরেটরি প্রয়োজন অনুযায়ী অন্যান্য কাগজপত্র সংগ্রহ করবেন। আগ্রহী গ্রাহককে ব্র্যাক ব্যাংকের কলসেন্টারে ১৬২২১ নম্বরে ফোন করে বা ইংরেজিতে ‘so’ লিখে একই নম্বরে এসএমএস পাঠিয়ে অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাংকের কর্মকর্তাদের অ্যাপয়েন্টমেন্ট বা সাক্ষাৎ চাইতে হবে। অথবা ই-মেইল করেও গ্রাহকেরা অ্যাপয়েন্টেমেন্ট চাইতে পারবেন। ই-মেইল ঠিকানা হলো: smart.opener@bracbank.com
প্রাথমিকভাবে ঢাকা মেট্রোপলিটান এলাকায় সেবাটি পাওয়া যাবে। পরবর্তীতে অন্যান্য এলাকায় সেবাটি সম্প্রসারণ করা হবে বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।
ব্র্যাক ব্যাংকের মোবাইল অ্যাপসের মাধ্যমে এ ব্যাংকের গ্রাহকেরা তাদের স্মার্টফোন ব্যবহার করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবেন। এর আওতায় তারা যেসব সেবা নিতে পারবেন সেগুলো হচ্ছে অ্যাকাউন্ট বা হিসাব খোলা, পরিবর্তন বা স্থানান্তর, বিল পরিশোধ, মোবাইল টপআপ, এটিএম ও ব্র্যাঞ্চ লোকেশন, মিনি স্টেটমেন্ট, বিস্তরিত স্টেটমেন্ট, ট্র্যানজেকশন হিস্ট্রি বা লেনদেনের সার্বিক বিবরণী, ঋণ সংক্রান্ত তথ্য, বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট, ক্রেডিট কার্ডের বিল পরিশোধ, অ্যাকাউন্ট ব্যালেন্স, বকেয়া দেনার হিসাব এবং পরিশোধের সীমা ও তারিখ ইত্যাদি। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী টু ফ্যাক্টর অথেন্টিকেশনের মাধ্যমে এটির নিরাপত্তা নিশ্চয়তা প্রদান করা হয়েছে। ব্র্যাক ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ইউজার আইডি, পাসওয়ার্ড ও ওয়ান টাইম পাসওয়ার্ডের মাধ্যমে অ্যাপসটি ব্যবহার করা যাবে। গুগল প্লে স্টোর থেকে ব্র্যাক ব্যাংকের নতুন এ মোবাইল অ্যাপস ডাউনলোড করা যাবে।
মাহবুবুর রহমান বলেন, ‘প্রযুক্তিবান্ধব ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক সব সময়ই গ্রাহকদের অধিকতর সুবিধা ও স্বচ্ছন্দ্যময় সেবা দিতে নিত্য নতুন প্রযুক্তি নির্ভর পণ্য-সেবার প্রবর্তন করে থাকে। ‘স্মার্ট ওপেনার ও মোবাইল অ্যাপস’ চালুর মাধ্যমে আমরা এখন আপনার বাড়িতে গিয়ে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেয়ার পাশাপাশি মোবাইল ফোনে সব ধরনের ব্যাংকের সেবা প্রদান করছি। আমরা ভবিষ্যতেও আমাদের গ্রাহকদের জন্য তুলনামূলক সহজ সুযোগ-সুবিধা দেয়ার জন্য এ ধরনের নিত্যনতুন আইটি নির্ভর সেবা চালু করার প্রচেষ্টা অব্যাহত রাখব। আরও বেশি মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনার লক্ষ্য নিয়ে ফাইন্যান্সিয়াল ইনক্লোশনের এ কার্যক্রম শুরু করা হলো।’
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের রিটেইল ব্যাংকিংয়ের প্রধান ফিরোজ আহমেদ খান, কমিউনিকেশন ও সার্ভিস কোয়ালিটি বিভাগের প্রধান জারা জাবীন মাহবুব এবং কাস্টমার এক্সপেরিয়েন্স, রিটেইল প্রোডাক্টস ও কালেকশন বিভাগের প্রধান মোসলে সা’দ মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

