অর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশ থেকে বিনিয়োগ উঠিয়ে নিচ্ছে দুবাই ইসলামিক ব্যাংক। ব্যাংকের কাছে থাকা দেশের ইসলামী ব্যাংকের ১ লাখ শেয়ার বিক্রির মাধ্যমে বিনিয়োগ উঠিয়ে নিচ্ছে। অথচ ব্যাংকটি ইসলামী ব্যাংকের অন্যতম প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা ছিল।
জানা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা দুবাই ইসলামিক ব্যাংকের (ডিআইবি) কাছে অবশিষ্ট থাকা ১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ঘোষণা অনুযায়ী আগামী ৩০ কার্যদিবসের মধ্যে শেযারগুলো বিক্রি করবে।
এর আগে চলতি বছরের ১০ আগস্ট এই প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা তার কাছে থাকা ব্যাংকের মোট ৬৭ লাখ ৩ হজার ৫৪০ শেয়ারের মধ্যে ৩৭ লাখ ৩ হাজার ৫৪০টি শেয়ার বিক্রি করার ঘোষণা দেয়। এরপর আবার ২৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দেয় ডিআইবি। সর্বশেষ সোমবার এই প্রাতিষ্ঠানিক উদ্যোক্তার কাছে থাকা অবশিষ্ট এক লাখ শেয়ার বিক্রির ঘোষণা দেয়।
প্রতিষ্ঠাকালীন বিদেশি উদ্যোক্তাদের মধ্য থেকে ডিআইবি সরে গেলেও এখনো ইসলামী ব্যাংকে সৌদি আরবের ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, কুয়েত ফিন্যান্স হাউস, জর্ডান ইসলামিক ব্যাংক, কাতারের ইসলামিক ইনভেস্টমেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ করপোরেশন, বাহরাইন ইসলামিক ব্যাংকসহ আরো বেশকিছু বিদেশি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বিনিয়োগ রয়েছে।

