অর্থনৈতিক প্রতিবেদক : বিদেশে শিক্ষা লাভের উদ্দেশ্যে ব্লক অ্যাকাউন্ট খোলার জন্য শিক্ষার্থীরা অনুমোদিত ডিলারদের কাছ থেকে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে জারিকৃত সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বিদেশে শিক্ষা লাভের উদ্দেশ্যে ভিসা প্রাপ্তি ও ভর্তির জন্য বৈদেশিক মুদ্রার ব্লক অ্যাকাউন্ট খুলতে হয়। বিষয়টি বিবেচনা করে অনুমোদিত বিষয়ে ভর্তির ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক এ ধরনের অ্যাকাউন্ট খোলার জন্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা বিনিময়ের অনুমতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তবে এ ধরনের বিনিময়ের পূর্বে অনুমোদিত ডিলারদের অবশ্যই ব্লক অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় কাগজ-পত্র সরবরাহ করতে হবে। ভিসা পাওয়া না গেলে বিদেশে প্রেরিত অর্থ ফেরত দেয়া হবে এমন প্রমাণাদিও সরবরাহ করতে হবে।
সার্কুলারে আরো বলা হয়, প্রয়োজনীয় অর্থ প্রেরণের এক বছরের মধ্যে উক্ত শিক্ষার্থী বিদেশ গিয়েছেন কি না সে বিষয়েও অনুমোদিত ডিলারদের তথ্য সংগ্রহ করতে হবে।

