নিজস্ব প্রতিবেদক : সাত দিনব্যাপী আয়কর মেলা-২০১৫ এর আজ শেষ দিনে করদাতাদের আছে দীর্ঘ লাইন। সামনে কোরবানির ঈদ ও বৈরি আবহাওয়া সত্ত্বেও করদাতা ও মেলার করদাতাদের পদচারণায় মুখরিত ছিল পুরো প্রাঙ্গণ।
মঙ্গলবার রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে আয়োজিত আয়কর মেলা প্রাঙ্গণ ঘুরে এমনই চিত্র দেখা গেছে। প্রতিদিনের মতো আজও আয়কর মেলা যথারীতি সকাল ১০টায় শুরু হয় চলবে ৫টা পর্যন্ত। সেই বিকেল সাড়ে ৪টায় মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা আছে। অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক প্রধান অতিথি হিসেবে এবং অর্থ-প্রতিমন্ত্রী এমএ মান্নান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
মেলা ঘুরে দেখা গেছে, অফিসার্স ক্লাবের টেনিস মাঠের দুটি প্যান্ডেলে রিটার্ন দাখিল, ফটোকপি বুথ, প্যান্ডেলের হেল্প ডেক্স, রিটার্ন দাখিল ও রিটার্ন গ্রহণ বুথ, খেলাঘর ভবনের নিচতলায় ব্যাংক বুথ, ই-টিআইএন বুথ, সংশোধন বুথ, ইউজার আইডিসহ ১৭২টি বুথে মানুষের ব্যাপক উপস্থিতি।
মিরপুর থেকে নতুন ইটআইএন রেজিস্ট্রেশন করতে এসেছেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মামুনুল হক। একটি কর্মরত আছেন।
তিনি বলেন, ‘আমি এ বছর ইটআইএন করলাম। লাইনে দাঁড়িয়ে থাকলেও ভাল লাগছে। নতুন করদাতা হিসেবে নাম অর্ন্তভুক্ত করলাম। তবে এ বছর রিটার্ন না দিলেও আগামি বছর থেকেই রিটার্ন দাখিল করবো।’
কর দিতে মেলা প্রাঙ্গণে আসা ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘বৃষ্টি উপেক্ষা করে রিটার্ন দাখিল করতে মেলায় এসেছি। এসে দেখি লম্বা লাইন। তারপরও ভাল লাগছে কারণ মেলায় ভোগান্তি নেই। অনেকটা উৎসবের আমেজ। রাতে ঈদ উপলক্ষে বাড়ির যাওয়ার কথা আছে।’
মেলায় রিটার্ন দাখিলের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন অবসরপ্রাপ্ত সরকারি ব্যাংক কর্মকর্তা মো. আব্দুস সাত্তার। তিনি জানান, ব্যস্ততার কারণে মেলায় আসতে পারিনি। শেষ দিনে এত ভিড় হবে বুঝিনি। তারপরও রিটার্ন জমা দিতে হবে। কেননা, মেলার মতো সুবিধা আর অন্য সময় পাওয়া যায় না।
অফিসার্স ক্লাবের টেনিস মাঠে আয়োজিত এ মেলায় ইটিআইএন রেজিস্ট্রেশনের জন্য ১২টি বুথ, ইটিআইএন সংক্রান্ত সহায়তায় ৩৫টি ল্যাপটপ ডেস্ক বুথ, ৫৬টি হেল্প ডেস্ক, ১০টি অধিক্ষেত্র বুথ, একটি তথ্য ও মিডিয়া বুথ এবং করদাতাদের চিকিৎসা দিতে একটি স্বাস্থ্য ডেস্ক আছে। ঢাকা ও সাতটি বিভাগসহ ১৫টি জেলা, ১৫টি উপজেলাসহ (সাতটি ভ্রাম্যমাণ) আজ ৩১ স্থানে আজকের মেলা অনুষ্ঠিত হচ্ছে।
মেলায় গত ছয় দিনে মোট ১ হাজার ৬৪০ কোটি ৫৭ লাখ টাকা রাজস্ব আদায় করেছে এনবিআর। যেখানে ২০১৪ সালের আয়কর মেলার ছয় দিনে ১ হাজার ৩১৫ কোটি ৪৭ লাখ ৪৬ হাজার ২৬৩ টাকার রাজস্ব আদায় হয়েছিল।

