অর্থনৈতিক প্রতিবেদক : বিরূপ আবহাওয়ায় আয়কর মেলার হঠাৎ ছন্দপতন ঘটেছে। রোববার সকাল থেকে অঝোর ধারায় বৃষ্টি হওয়ার কারণেই এমন ছন্দপতন। তাই মেলায় করদাতাদের উপস্থিতি অন্যান্য দিনের তুলনায় অনেক কম লক্ষ্য করা গেছে। যারা আসছেন বৃষ্টির কারণে তাদেরও অনেক ভোগান্তিতে পড়তে হচ্ছে।
রোববার রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত আয়কর মেলা প্রাঙ্গন ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
রামপুরা এলাকা থেকে আয়কর দিতে এসেছেন শামসুল আলম। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। কাজের ফাঁকে মেলায় এসেছেন।
তিনি বলেন, ‘নাগরিক দায়িত্ব থেকেই কর দিতে এসেছি। ছোটখাট চাকরি করি। মেলায় এসে বৃষ্টিতে প্রায় ভিজে গেছি। সঙ্গে থাকা ফাইলপত্রও ভিজে গেছে।’
গুলশান থেকে কর দিতে আসা শিক্ষিকা হোসনে আরা বেগমেরও একই অবস্থা। সঙ্গে আনা কাগজপত্র ভিজে যাওয়ায় অনেক হতাশ।
সপ্তাহের প্রথম কর্মদিবসে রোববার আয়কর মেলা ঘুরে দেখা যায়, বৃষ্টি উপেক্ষা করেও অনেক আয়করদাতা ও সেবা গ্রহীতারা মেলায় ভিড় করেছেন। তবে গত দুই দিনের চেয়ে উপস্থিতি অনেকটা কম। সেবার ডেস্কগুলোয় করদাতার উপস্থিতি থাকলেও কোনো ডেস্কেই লম্বা লাইন চোখে পড়েনি।
গতকাল শনিবার মেলার চতুর্থ দিন বৃষ্টির আনাগোনা থাকলেও দুপুরের পর বৃষ্টি না হওয়ায় শেষ বিকেলে করদাতাদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। তাই আয়কর আদায়ও সন্তোষজনক ছিল। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান চতুর্থ দিন শেষে মেলা থেকে প্রায় ১১০০ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে বলে ঘোষণা দিয়েছিলেন।
মেলা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, চতুর্থ দিনে মেলায় কর আদায় হয়েছে ১৯৩ কোটি ৩ লাখ টাকা এবং ১ লাখ ৪৩ হাজার করদাতাকে কর সেবা দেওয়া হয়েছে। এ দিন রিটার্ন জমা দিয়েছেন ২৬ হাজার ৭৯৬ জন করদাতা।
এনবিআরের হিসাব মতে, চার দিন শেষে মোট আয়কর আদায় হয়েছে ১ হাজার ৯৬ কোটি ৭১ লাখ টাকা।
করদাতাদের সেবায় সপ্তাহব্যাপী (১৬ থেকে ২২ সেপ্টেম্বর) শুরু হওয়া আয়কর মেলায় মোট ১৭২টি বুথ রয়েছে। এর মধ্যে অফিসার্স ক্লাবের নিচতলায় বিভিন্ন কর অঞ্চলের করদাতাদের জন্য ৪১টি রিটার্ন, সোনালী ও জনতা ব্যাংকের চারটি বুথ ও উপকরণ সরবরাহ, কন্ট্রোল রুমসহ আরো পাঁচটি বুথ রয়েছে। যেখানে বৃহৎ করদাতা, প্রতিবন্ধী, সিনিয়র সিটিজেন, মুক্তিযোদ্ধা ও নারীদের জন্য রয়েছে পৃথক বুথ।
অফিসার্স ক্লাবের টেনিস মাঠে রয়েছে ইটিআইএন রেজিস্ট্রেশনের জন্য ১২টি বুথ, ইটিআইএন সংক্রান্ত সহায়তায় ৩৫টি ল্যাপটপ ডেস্ক বুথ, ৫৬টি হেল্প ডেস্ক, ১০টি অধিক্ষেত্র বুথ, একটি তথ্য ও মিডিয়া বুথ এবং করদাতাদের চিকিৎসা দিতে একটি স্বাস্থ্য ডেস্ক।
গত ১৬ সেপ্টেম্বর রাজধানীর অফিসার্স ক্লাবে সপ্তাহব্যাপী আয়কর মেলার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

