অর্থনৈতিক প্রতিবেদক : প্রতিকূল আবহাওয়ার মধ্যেও করদাতাদের সরব উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে আয়কর মেলা প্রাঙ্গণ।
শনিবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এর মধ্যেও মেলায় এসেছেন করদাতারা। ৬ষ্ঠ বারের মতো আয়োজিত আয়কর মেলার চতুর্থ দিন শনিবার করদাতারা সকাল থেকেই বৃষ্টি মাথায় নিয়েই মেলা প্রাঙ্গণে আসতে শুরু করেন। সময় যতই গড়াচ্ছে মেলা প্রাঙ্গণে করদাতাদের ভিড় ততই লক্ষ্য করা যাচ্ছে।
রাজধানীর বেইলী রোডে অফিসার্স ক্লাবে আয়োজিত মেলা প্রাঙ্গণে ঘুরে এই চিত্র লক্ষ্য করা গেছে।
এবারই প্রথম আয়কর মেলায় এসেছেন রাজধানীর ধানমন্ডির বাসিন্দা কায়েস আহমেদ। সদ্য কর্মজীবনে প্রবেশ করেছেন তিনি। বেসরকারি সংস্থায় কাজ করছেন।
তিনি বলেন, ‘একজন সচেতন নাগরিক হিসেবে আমিও চাই কর দিতে। তাই আয়কর মেলায় এলাম। এখানে ইটিআইএন বুথে নতুন ইটিআইএন রেজিস্ট্রেশন করলাম। ভালই লাগছে। এখন রিটার্ণ জমা দেব।
শনিবার আয়কর মেলা ৩ ঘণ্টা বাড়িয়ে রাত ৮ পর্য্ন্ত চলবে। সরকারি ও বেসরকারি করদাতাদের কর প্রদানে সুযোগ দিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই সিদ্ধান্ত নিয়েছে।
‘আয়কর প্রদান বিষয়ে জনগণকে উদ্ধুদ্ধকরণ’ শীর্ষক সোস্যাল মিডিয়া সংলাপ সন্ধ্যায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের সহায়তায় প্রথমবারের মতো আয়োজিত এ সংলাপ সন্ধ্যা ৭টা থেকে চলবে রাত সাড়ে ৮টা পর্যন্ত।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষাবিদ প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরী, বেসিস সভাপতি শামীম আহসান, ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী, তথ্য সচিব মরতুজা আহমাদ, আইসিটি এক্সপার্ট মোস্তফা জব্বার প্রমুখ।
সংলাপটি সোস্যাল মিডিয়া ইউটিউব’র https://www.youtube.com/watch?v=u0ZTeGeWgws এ লিংকে সরাসরি দেখা যাবে।
সপ্তাহব্যাপী (১৬ থেকে ২২ সেপ্টেম্বর) শুরু হওয়া আয়কর মেলায় মোট ১৭২টি বুথ রয়েছে। এর মধ্যে অফিসার্স ক্লাবের নিচ তলায় বিভিন্ন কর অঞ্চলের করদাতাদের জন্য ৪১টি রিটার্ন বুথ, সোনালী ও জনতা ব্যাংকের ৪টি বুথ ও উপকরণ সরবরাহ; কন্ট্রোল রুমসহ ৫টি বুথ রয়েছে। বৃহৎ করদাতা, প্রতিবন্ধী, সিনিয়র সিটিজেন, মুক্তিযোদ্ধা ও মহিলাদের জন্য রয়েছে পৃথক বুথ।
অফিসার্স ক্লাবের টেনিস মাঠে রয়েছে ইটিআইএন রেজিস্ট্রেশনের জন্য ১২টি বুথ, ইটিআইএন সংক্রান্ত সহায়তায় ৩৫টি ল্যপটপ ডেস্ক বুথ, ৫৬টি হেল্প ডেস্ক, ১০টি অধিক্ষেত্র বুধ, ১টি তথ্য ও মিডিয়া বুথ, এবং করদাতাদের চিকিৎসা দিতে ১টি স্বাস্থ্য ডেস্ক রয়েছে।
আয়কর মেলায় এ পর্যন্ত (তৃতীয় দিন শেষে) ঢাকাসহ সারাদেশে আয়কর আদায় হয়েছে ৯০৩ কোটি ৬৮ লাখ ১৩ হাজার ৯৪৬ টাকা। এর মধ্যে তৃতীয় দিন শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সারাদেশে মোট ২২৩ কোটি ৬৯ লাখ ৭৯ হাজার ৬৪৩ টাকা আয়কর আদায় ও ১ লাখ ১৯ হাজার ৮৭৩ জন করসেবা গ্রহণ করেছেন।
তৃতীয় দিনে নিয়েছেন ১ লাখ ১৯ হাজার ৮৭৩ জন করদাতা ও ১৮ হাজার ১০৬ জন করদাতা আয়কর বিবরণী দাখিল করেছেন।
গত ১৬ সেপ্টেম্বর রাজধানীর অফিসার্স ক্লাবে সপ্তাহব্যাপী আয়কর মেলার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ‘সুখী স্বদেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নাই’ প্রতিপাদ্য ও ‘সমৃদ্ধির সোনালী দিন, আনতে হলে আয়কর দিন’ স্লোগানে পালিত হচ্ছে আয়কর মেলা।

