আর্ন্তজাতিক ডেস্ক : আফগানিস্তানে একটি গ্যাস টার্মিনালে বিস্ফোরণের ঘটনায় ১১ জন নিহত হয়েছে। এদের মধ্যে ১০ জনই শিশু। সোমবার রাতে দেশটির পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আফগানিস্তানের তৃতীয় বৃহত্তম শহরে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া রাতের আকাশে আগুনের কুণ্ডুলি ও ধোঁয়া উড়তেও দেখা গেছে।
হেরা শহরের স্থানীয় হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ রফিক শিরাজি জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনায় ১১ জন নিহত হয়েছে। এছাড়া আরো ১৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে চারজনকে চিকিৎসার জন্য ইরানে পাঠানো হয়েছে। এদের শরীরের ৯০ ভাগই অগ্নিদগ্ধ হয়েছে। হতাহতরা সবাই গ্যাস টার্মিনালের কাছে একটি শিবিরে বাস করত। তবে ওই বিস্ফোরণের ঘটনাটি দুর্ঘটনা নাকি কোনো হামলা তা এখনও পরিস্কার নয়।
উল্লেখ্য, এর আগে গত বছর জঙ্গি গোষ্ঠী দেশটিতে অবস্থিত ভারতীয় দূতাবাসে হামলা চালিয়েছিল।

