আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে সমঝোতায় আসতে সমর্থ হয়েছেন দুই কোরিয়ার নেতারা। দক্ষিণ কোরিয়া, সীমান্তে উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রচারণা চালানো বন্ধ করবে। এবং উত্তর কোরিয়াও সীমান্তের সেনা-অবস্থান সরিয়ে নিয়ে যাবে। সমঝোতা হওয়ায় দুই কোরিয়ার সাধারণ মানুষের মনে শান্তি নেমে এসেছে।
মূলত ঘটনার সূত্র এ মাসের শুরুতে। তখন খবরেও প্রকাশিত হয়েছিল, দক্ষিণ কোরিয়া সীমান্তে একটি মাইন বিস্ফোরিত হওয়ায় তিন সেনাসদস্য গুরুতর আহত হয়েছেন। দক্ষিণ কোরিয়া ঐ মাইন উত্তর কোরিয়ার বলে অভিযোগ আনে। এরপরই শুরু হয় মাইকে উ. কোরিয়াবিরোধী প্রচারণা। উ. কোরিয়াও অভিযোগ অস্বীকার করে এবং সীমান্তে সেনা জড়ো করে। সেনারা শুধুমাত্র নির্দেশ পেলেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নেয়।
মজার ব্যাপার হচ্ছে, দক্ষিণ কোরিয়া সীমান্তে মাইন পেতে রাখার অভিযোগ উ. কোরিয়া বারংবার অস্বীকার করে আসলেও, অবশেষে ঐ ঘটনায় দুঃখ প্রকাশে সম্মত হওয়ার পরই সমঝোতা অর্জিত হয়েছে। উ. কোরীয় নেতাদের ভাষ্য, শান্তির স্বার্থে দুঃখ প্রকাশে সম্মত হয়েছেন।
এদিকে এই নতুন সমঝোতা চুক্তি নিয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপ্রধান পার্ক জিউন-হাইয়ের আরও দূরবর্তী পরিকল্পনা আছে বলে মনে হয়। তিনি বলেছেন, এই সমঝোতার সূত্র ধরে দুই কোরিয়া পরষ্পরের ওপর বিশ্বাস স্থাপন করে সকল বিরোধ মিটিয়ে ফেলতে পারে।

