আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আসাম রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩। এখনও পর্যন্ত বন্যার পানিতে তলিয়ে গেছে রাজ্যের ১৮ টি জেলা। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
বন্যার পানিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হল-কোকরাঝাড়, চিরাং, বোনগাইগাওন, গোয়ালপারা এবং ধুব্রি । ওই অঞ্চলে পরিদর্শনে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তরুণ গোগোই।
বন্যার পানিতে রাজ্যের কমপক্ষে ১ হাজার ২শ ৯১টি গ্রাম পানিতে তলিয়ে গেছে। এতে ৬ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসকরা বিভিন্ন স্থানে মোট ২শ ৬০টি ত্রাণ শিবির খুলেছেন। এগুলোতে প্রায় ১ লাখের বেশি মানুষ আশ্রয় নিয়েছে বলে জানা গেছে।
বন্যা কবলিত এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজ চালিয়ে যেতে সংশ্লিষ্ট বিভাগ গুলোকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
ত্রাণ ও উদ্ধার কাজে দেশের সেনাবাহিনী এবং ন্যাশনাল ডিজেস্টার রেসপন্স ফোর্সের সদস্যদের প্রশংসা করেছেন তিনি। সংশ্লিষ্ট মন্ত্রী এবং কর্মকর্তারা বন্যা কবলিত এলাকা পরিদর্শন করছেন এবং উদ্ধার কাজের খোঁজ-খবর নিচ্ছেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেছেন, বন্যা কবলিত এলাকায় ত্রাণ সেবা দেওয়ার বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে তার সরকার। তিনি আরো জানিয়েছেন, তিনি বন্যা কবলিত এলাকার মানুষদেরকে আপ্রাণ সাহায্য করার জন্য স্থানীয় ডেপুটি কমিশনারদেরকে নির্দেশ দিয়েছেন। শিশু এবং নারীদের ক্ষেত্রে প্রয়োজনে বিশেষ সুযোগ সুবিধা প্রদানের কথাও বলেছেন তিনি।

