আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কের কাছাকাছি একটি বিদ্রোহী এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় ৫০ জন নিহত হয়েছে। উদ্ধারকর্মীরা জানিয়েছে,শনিবার দামেস্কের উত্তর-পূর্বাঞ্চলীয় বিদ্রোহীদের আবাসিক এলাকায় সিরিয়ার সেনাবাহিনী কর্তৃক ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। ধ্বংসস্তূপ থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে।
ধ্বংসস্তূপের নিচে আরো মৃতদেহ থাকতে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা। হতাহতদেরকে সাময়িক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, মৃতদের মধ্যে ২০ জনকে সনাক্ত করা গেছে। তবে ৩২ জনের পরিচয় এখনও জানা যায়নি। ওই হামলায় চারতলা একটি ভবন সরাসরি ক্ষতিগ্রস্থ হয়েছে। ধারনা করা হচ্ছে এর নিচে অনেকেই আটকে আছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় কর্মকর্তারা।
সিরিয়ার সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘একটি পরিবারের সব সদস্য ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে আছে। আমরা তাদের কাছে এখনও পৌঁছাতে পারিনি। কারন আপনারা জানেন ধ্বংসস্তূপ সরানোর কাজটি খুব সতর্কতার সাথে করতে হয়।’
এর আগে গত রোববার ওই একই স্থানে একটি বাজারে একটি বিমান হামলার ঘটনায় কমপক্ষে ১শ জন নিহত হয়েছিল।

