আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ার উপকূলে ৩ হাজার সাগরভাসা অভিবাসীকে উদ্ধারে অভিযান শুরু করেছে ইতালি। দেশটির কোস্টগার্ড অভিবাসীবোঝাই ১৮টি নৌযান থেকে বিপর্যয় সংকেত (এসওএস) পাওয়ার পর অভিযান শুরু করেছে।
বিবিসি অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।
‘সেভ আওয়ার লাইভস’ সংক্ষেপে এসওএস সংকেত পাওয়ার পর ইতালির সাতটি জাহাজ উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। এসব জাহাজ এ সপ্তাহে এরই মধ্যে সাগরে বিপদে পড়া অনেক অভিবাসীকে সাহায্য করেছে।
ইতালির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনসা জানিয়েছে, অভিবাসীবোঝাই ১৮টি নৌযানের মধ্যে চারটি বড় নৌকা ও ১৪টি রাবারের নৌকা। তাদের সবশেষ অবস্থা কী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ইউরোপে ঢোকার জন্য অভিবাসীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে ‘লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে ইতালি’ পৌঁছানোর সাগরপথ।
জাতিসংঘের তথ্যমতে, চলতি বছরে প্রায় ২ লাখ ৬৪ হাজার ৫০০ অভিবাসী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢুকেছে। এর মধ্যে ইতালিতে পৌঁছেছে প্রায় ১ লাখ ৪ হাজার। আর গ্রিসে পৌঁছেছে প্রায় ১ লাখ ৬০ হাজার।
নরওয়ের সংবাদমাধ্যম আফটেনপোস্টেন জানিয়েছে, সামরিক জাহাজ ‘সিয়েম পাইলট’ অভিবাসীদের উদ্ধারে অংশ নিয়েছে। শনিবার এই জাহাজের সহায়তায় ৩২০ অভিবাসীকে উদ্ধার করা হয়।
গত সপ্তাহে ইতালির কোস্টগার্ডরা ভূমধ্যসাগর থেকে ৩২০ অভিবাসীকে উদ্ধার করে। তবে ওই সময় ৪৯ জন অভিবাসীকে মৃত পাওয়া যায়।
ভূমধ্যসাগর থেকে প্রায়ই অভিবাসীদের উদ্ধার করা হয়। তবে সাগর পাড়ি দেওয়ার সময় সলিল সমাধির ঘটনাও কম নয়।

