আন্তর্জাতিক ডেস্ক : দাউদ ইব্রাহীম কি তবে পাকিস্তানে অবস্থান করছেন? ভারতীয় গোয়েন্দাদের তদন্তে আপাতত তেমনটাই বেরিয়ে এসেছে বলে খবরে প্রকাশ। বলা হচ্ছে, দাউদের পাকিস্তানে অবস্থানকালীন ছবিও হাতে এসেছে গোয়েন্দাদের। ভারতীয় একটি ইংরেজি দৈনিকে ওটা ছাপাও হয়েছে।
চলুন জানা যাক, ভারতীয় তদন্ত প্রতিবেদনে দাউদ ইব্রাহীম ও তার পরিবার সম্পর্কে কী তথ্য এসেছে। দাউদ, তার স্ত্রী মেহজাবিন শেখ, ছেলে মইন নওয়াজ, এবং তিন মেয়ে মাহরুখ, মেহরিন এবং মজিয়া, সকলেই করাচির ক্লিফটনে অবস্থান করছেন। দাউদের বর্তমান বাড়ির টেলিফোনটি নেয়া হয়েছে তার স্ত্রী মেহজাবিনের নামে।
করাচির যে বাড়িতে দাউদ ইব্রাহীম অবস্থান করছেন, বাড়িটির সম্ভাব্য ঠিকানাও উঠে এসেছে। ঠিকানাটি ছাপা হয়েছে ভারতীয় প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায়। ডি-১৩, ব্লক-০৪, করাচি ডেভেলপমেন্ট অথরিটি, এসসিএইচ- ৫, ক্লিফটন। দাউদের নামে তিনটি পাকিস্তানি পাসপোর্ট রয়েছে। তাতে আরও দুটো পৃথক ঠিকানা দেয়া হয়েছে।
আগামীকাল, ২৩ অগাস্ট, ভারত ও পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টাদের একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে মূলত দু’দেশের সন্ত্রাসবিরোধী অবস্থানের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। আর প্রসঙ্গতই উঠে আসবে দাউদের নাম। দাউদ বর্তমানে একাধিক গুরুতর অপরাধের মামলা মাথায় নিয়ে পলাতক রয়েছেন। মামলাগুলোর মধ্যে উল্লেখযোগ্য : বোম্বে স্টক এক্সচেঞ্জ মামলা, নরিম্যান পয়েন্টের এয়ার ইন্ডিয়া ভবন ও মৎসজীবীদের কলোনিতে বিস্ফোরণ (২৫৭ জন নিহত হন) মামলা।
এর আগেও ভারতের দাবি ছিল, মুম্বই বিস্ফোরণের মূল হোতা দাউদ ইব্রাহিম পাকিস্তানের ইসলামাবাদে নিরাপদে অবস্থান করছেন। ভারতের এ দাবি নস্যাৎ করে দিয়েছিলেন সে দেশে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত আব্দুল বাসিত। এবার সমস্ত তথ্যপ্রমাণ সমেত বিষয়টি ‘পরিষ্কারভাবে প্রমাণিত হয়ে পড়ায়’ পাকিস্তানের উদ্যোগ কোন পথে এগোয়, সেটিও দেখার বিষয়।

