নিজস্ব প্রতিবেদক : চলতি অর্থবছরে (২০১৫-১৬) বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ৩০টি গবেষণা সমীক্ষা পরিচালনা করবে। এজন্য প্রয়োজনীয় ব্যয় মেটাতে সরকার বিআইডিএসকে এ বছর অতিরিক্ত ১৩ কোটি ২৬ লাখ টাকা বরাদ্দ দেবে।
বৃহস্পতিবার গবেষণা প্রতিষ্ঠানটির ৯৭ তম বোর্ড অব ট্রাস্টিজ বৈঠকে পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল এ তথ্য জানান।
বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও পরিকল্পনা মন্ত্রী মুস্তফা কামাল এসময় বলেন, ‘এর আগের অর্থবছরগুলোতে এখাতে বিআইডিএসকে গড়ে ২ কোটি টাকা বরাদ্দ দেয়া হতো। এবছর তা বাড়িয়ে ১৫ কোটি ২৬ লাখ টাকা বরাদ্দ দেয়া হলো।
তিনি বলেন, ‘সরকার গবেষণা ব্যয়কে ভবিষ্যৎ বিনিয়োগ হিসেবে দেখে থাকে। আমাদের অর্থনৈতিক চাহিদার সঙ্গে মিল রেখে গবেষণার বিষয়বস্তু ঠিক করতে হবে। গবেষণার মাধ্যমে আমাদের সক্ষমতার ক্ষেত্রগুলো কোথায় তা জানতে হবে’।
পরিকল্পনা মন্ত্রী এসময় উদাহরণ দিয়ে বলেন, ‘পৃথিবীব্যাপী বছরে ৮৮ ট্রিলিয়ন ডলার বাণিজ্য হয়, অথচ আমরা এর বিস্তারিত জানিনা। তাহলে আমরা কিভাবে বুঝবো আমাদের সক্ষমতা কোথায়’।
মন্ত্রী বলেন, ‘অন্যান্য গবেষণা যাই হোক, পর্যটন বিষয়ে কার্যকর গবেষণায় আমরা একেবারেই পিছিয়ে আছি। এ বিষয়ে বিইডিএসের নিজস্বভাবে গবেষণা করা উচিত। একইসঙ্গে সরকারের রাজস্ব আয় কোন কোন ক্ষেত্রে আরো বাড়ানো যায় বিআইডিএসের উচিত সে সম্পর্কে বিস্তারিত গবেষণা করা’।
পরিকল্পনামন্ত্রী আরো বলেন, ‘বিআইডিএসকে গবেষণা ক্ষেত্র ঠিক করে এর জন্য প্রয়োজনীয় ব্যয় নির্ধারণ করে প্রকল্প প্রস্তাব নিয়ে আসা উচিত। তাহলে গবেষণা কার্যক্রম আরো নিরবিচ্ছিন্ন হবে’।
এ সময় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর রেহমান সোবহান গবেষণা বরাদ্দ বাড়ানোকে ইতিবাচক আখ্যা দিয়ে বলেন, ‘এর মধ্য দিয়ে বিআইডিএসকে গবেষণা ক্ষেত্রে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে তৈরি করার প্রক্রিয়া শুরু হলো। দেশি-বিদেশি সব ধরণের গবেষকদের সঙ্গে নিয়েই বিআইডিএসের এগিয়ে যেতে হবে। তবেই দেশের আর্থ-সামাজিক অগ্রগতি দ্রুতগতিতে হবে’।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেন, ‘বিআইডিএসকে এভাবে এগিয়ে নিয়ে আসার প্রক্রিয়ায় প্রকৃতঅর্থে আপামর জনসাধারণ উপকৃত হওয়ার সুযোগ পেল’।
বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিন এসময় বলেন, ‘গবেষণা ব্যয় বাড়ানোর ফলে আশা করছি বিআইডিএস এখন আরো গুণগত গবেষণা সম্পন্ন করতে পারবে’।
অপরদিকে, এ বছরের নভেম্বর থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ ও ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বিষয়ে বিআইডিএস এক বছর মেয়াদী মাস্টার্স কোর্স চালু করতে যাচ্ছে বলেও সভায় জানানো হয়।
কোর্স দুটি চালু করার বিষয়ে বিআইডিএসের মহাপরিচালক ড. খান আহমেদ সাঈদ মুরশিদ সভায় জানান, ‘মাস্টার্স কোর্সের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চেয়ে পরিকল্পনা বিভাগে ইতোমধ্যে নথি পাঠানো হয়েছে যা খুব শিগগিরই অনুমোদিত হবে। এর ফলে নভেম্বর থেকেই প্রতিটি বিষয়ে ৫০ জন ছাত্র-ছাত্রী নিয়ে মাস্টার্স কোর্সের প্রথম ব্যাচের যাত্রা শুরু হবে।’
সভায় পরিকল্পনা বিভাগের সচিব শফিকুল আজম, শিক্ষা সচিব নজরুল ইসলাম খান বিআইডিএসের গবেষণা পরিচালক ড. রুশিদান ইসলাম রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

