অর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) বহরে যোগ হচ্ছে ১২ বছরের পুরনো একটি অয়েল ট্যাংকার।
নিজস্ব অর্থায়নে ১৫ হাজার থেকে ২৫ হাজার ডিডব্লিওটি ধারণ ক্ষমতাসম্পন্ন এই ক্রুড অয়েল লাইটারেজ ট্যাংকার ক্রয়ে ব্যয় হবে ১৫৬ কোটি ১১ লাখ টাকা।
বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদেন দেওয়া হয়েছে। কমিটির সভাপতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সার্ক অর্থমন্ত্রীদের এক বৈঠকে নেপালে থাকায় বৈঠকে সভাপতিত্ব করেন বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ।
বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব মোশাররফ হোসেন ভূইঞাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বানিজ্য মন্ত্রী অনুমোদিত প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন।
বানিজ্য মন্ত্রী বলেন, বিএসসি’র বহরে আরো একটি অয়েল ট্যাংকার কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে সংস্থার জ্বালানি তেল পরিবহণ ক্ষমতা বাড়বে। ১২ বছরের পুরনো এই অয়েল ট্যাংকার সরবরাহ করবে ‘ক্যামলিকা শিপিং ইস্তাম্বুল টার্কি’ নামের একটি প্রতিষ্ঠান। তাদের স্থানীয় এজেন্ট হচ্ছে ঢাকার ‘মেসার্স আফরোজ শিপিং লাইন’।
তিনি বলেন, ‘মহেশখালী-আনোয়ারা গ্যাস সঞ্চালন পাইপ লাইন নির্মাণ’ শীর্ষক প্রকল্পের জন্য পাইপ লাইন নির্মাণ সংশ্লিষ্ট ‘থার্মো ইলেকট্রিক জেনারেটর’ এবং কোটিং ও র্যাপিং সরঞ্জাম ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে একমাত্র দরদাতা প্রতিষ্ঠান হিসেবে ‘থার্মো ইলেকট্রিক জেনারেটর’ সরবরাহের কাজ পেয়েছে কানাডিয়ান প্রতিষ্ঠান ‘গ্লোবাল থার্মো ইলেকট্রিক লিমিটেড’। এতে ব্যয় হবে ৩ কোটি ৯ লাখ ১৯ হাজার টাকা। অন্যদিকে কোটিং ও র্যাপিং সরঞ্জাম সরবরাহের কাজ পেয়েছে চীনা প্রতিষ্ঠান ‘নিঙ্গো স্কাইওয়ে আইএমপি অ্যান্ড ইমপোর্ট-এক্সপোর্ট কোম্পানি লিমিটেড’। এতে ব্যয় হবে ১ কোটি ৯৮ লাখ ৮২ হাজার টাকা।
তোফায়েল আহমেদ বলেন, এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন ‘ফ্ল্যাড অ্যান্ড রিভারব্যাংক ইরোসিয়ন রিস্ক ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (ট্রাঞ্চ – ১)’ শীর্ষক প্রকল্পের আওতায় ‘ইনস্টিটিউশন্যাল স্ট্রেংদেনিং অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসালটেন্ট’ নিয়োগ দেওয়া হয়েছে।
এ কাজের জন্য পরামর্শক হিসেবে যৌথভাবে নিয়োগ পেয়েছে কানাডা ভিত্তিক প্রতিষ্ঠান ‘নর্থ-ওয়েস্ট হাইড্রলিক কনসালটেন্ট’ ও নেদারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান ‘ইউরো কনসাল্ট মট ভেগডোনাল্ড’। ট্যাক্স ও ভ্যাটসহ এতে ব্যয় হবে ১০১ কোটি ৮১ লাখ ২৭ হাজার টাকা।
তিনি বলেন, ‘ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের জন্য কৃষি পণ্য উৎপাদন বৃদ্ধি ও বহুমুখীকরণ অর্থায়ন প্রকল্প’-এর আওতায় প্রকল্প পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে। এ কাজের জন্য পরামর্শক হিসেবে যৌথভাবে নিয়োগ পেয়েছে জার্মানীর প্রতিষ্ঠান ‘এএফসি কনসালটেন্ট ইন্টারন্যাশনাল’ ও ‘একাডেমি ডয়েশাস ইউনোসেন্স’। এতে ব্যয় হবে ২৯ কোটি ৩৪ লাখ ৮৫ হাজার টাকা (৩৭ লাখ ৭৮ হাজার ৮৮১ ডলার)।
এছাড়াও বৈঠকে ‘পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণ বরিশাল বিভাগীয় কার্যক্রম-২’-এর প্যাকেজ নং বিডিপি-২-জি-২৭-এর আওতায় ৩৩ হাজার ৭৫৮টি বৈদ্যুতিক খুঁটি (এসপিসি পোল) ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ৬৯ হাজার ৯ লাখ ৪৪ হাজার টাকা।
দু’টি লটে ১৬ হাজার ৮৭৯টি করে এ খুঁটি ক্রয় করা হবে। এর মধ্যে ৩৪ কোটি ৫৪ লাখ ৫৯ হাজার টাকা ব্যয়ে প্রথম লট সরবরাহ করবে ‘মেসার্স পোলস আ্যান্ড কংক্রিট লিমিটেড’। অন্যদিকে ৩৪ কোটি ৫৪ লাখ ৮৫ হাজার টাকা ব্যয়ে দ্বিতীয় লট সরবরাহ করবে ‘মেসার্স পিএসপি পোলস লিমিটেড’।

