নিজস্ব প্রতিবেদক : চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘এমন কেউ কি আছেন, যে নির্ভুলভাবে পরীক্ষা কার্যক্রম চালাতে পারবেন? থাকলে দায়িত্ব গ্রহণ করুন। আমি এখনই আমার পদ থেকে সরে দাঁড়াব। আমার পদে বসে এমন একটি প্রশ্নপত্র করুন, যে প্রশ্ন নিয়ে বিতর্ক উঠবে না।’
তিনি আরো বলেন, ‘আমি জানি এটি করা অসম্ভব। সরকারের পক্ষ থেকে সমাপনী পরীক্ষা নির্ভেজাল করার জন্য ডিজিটাল প্রশ্নপত্র করা হচ্ছে। এ প্রশ্নপত্রগুলো পরীক্ষার দিন সকালে ছাপানো হবে। তাহলে কিছুটা হলেও প্রশ্নপত্র ফাঁস রোধ করা সম্ভব হবে।’
রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে বুধবার এডুকেশন ওয়াচ রিপোর্ট-২০১৪ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গণশিক্ষামন্ত্রী শিক্ষকদের উদ্দেশ করে বলেন, দেশের সকল শিক্ষক চান তাদের পছন্দমতো শিক্ষা প্রতিষ্ঠানে বা নিজ এলাকার স্কুলে শিক্ষকতা করতে। তাদের কাছে কেউ এসে বলে না- স্যার ওই স্কুলে পড়ালেখা ভালো হচ্ছে না, আমাকে ওই স্কুলে দিন। দেখি ওখানে গিয়ে ভালো কিছু করতে পারি কি না।
তিনি আরো বলেন, শিক্ষকরাই পারেন ছোট ছোট এই সকল শিক্ষার্থীকে ভালো করে পড়ালেখা করিয়ে গড়ে তুলতে।
মন্ত্রী বলেন, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা সব খাতে গবেষণার জন্য সরকার পর্যাপ্ত অর্থ বরাদ্দ দিয়ে থাকে। আগে অবশ্য কম হতো। এখন তা অনেকাংশে বাড়ানো হয়েছে। আপনারা আরো গবেষণা করুন। গবেষণার মাধ্যমে অনেক দূর এগিয়ে যেতে পারব।
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মাহবুবুল আলম, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

