বিনোদন ডেস্ক : সিঙ্গাপুর, ব্যাংকক, ভারতের পর আবার ইতালীতে যাচ্ছে আলোচিত সিনেমা, ‘বৃহন্নলা’। বিশ্বের সেরা চারটি ফিল্ম ফেস্টিভালের একটি ‘ভেনাস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল’। ০২ সেপ্টেম্বরে থেকে শুরু হবে ৭২তম আসর। উৎসবে প্রদর্শিত হবে সিনেমাটি। প্রাচীন এই ফিল্ম ফেস্টিভালে নিজের সাফল্যে গর্বিত ছবির কলাকুশলীরা। ছবিতে ফেরদৌস, সোহানা সাবা, ইন্তেখাব দিনারসহ আরো অনেকে অভিনয় করেছেন। পৃথিবীর বিখ্যাত সব পরিচালক-প্রযোজকরা ভিড় করেন ছবির মার্কেটিংয়ের জন্য। এবারই প্রথম বাংলাদেশের কোন পরিচালকের ছবি ভেনিস ফিল্ম বাজারে নির্বাচিত হলো।
ছবির নির্মাতা মুরাদ পারভেজে জানালেন, ‘সাধারণ ফেস্টিভালগুলো আমি সিনেমা পাঠায়নি। শুধু বড় বড় উৎসবগুলোতেই ছবিটা পাঠিয়েছি। ভেনাস ইউরোপের অনেক বড় ফিল্ম মার্কেট। এখানে আমাদের সিনেমা সিলেক্ট হওয়াটা অনেক গর্বের। ‘বৃহন্নলা’র সাফল্য দেখে আমার অনুজ নির্মাতারা উৎসাহিত হবে। মোরশেদুল ইসলামের সিনেমা দেখে আমরা যেমন উৎসাহিত হয়েছিলাম।’
পরিচালক মুরাদ পারভেজ ইতিমধ্যে তার প্রথম চলচ্চিত্র ‘চন্দ্রগ্রহণ’ এর জন্য জাতীয় চলচ্চিত্র পুরষ্কার অর্জন করেন। সরকারি অনুদান প্রাপ্ত ‘বৃহন্নলা’ প্রযোজনা করেছেন ফিল্ম হকার এবং সহকারি প্রযোজক হিসাবে আছেন এটিএন বাংলা।

