স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপস্মৃতি এখনও তরতাজা প্রতিটি দক্ষিণ আফ্রিকানের মনে। তারা কী করে ভুলবেন অকল্যান্ডের বিশ্বকাপ বিরহের কথা! এবি ডি ভিলিয়ার্সের দল যে এখানেই বিশ্বকাপ বিসর্জন দিয়ে দেশে ফিরেছিল! বুধবার সেঞ্চুরিয়নে শুরু হচ্ছে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি। দক্ষিণ আফ্রিকা চাইছে, এই ম্যাচ জিতে বিশ্বকাপ সেমিফাইনালের যন্ত্রণা কিছুটা হলেও ভুলতে।
সুপার স্পোর্ট পার্কে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা দু’দলই নামছে তাদের সেরা খেলোয়াড়দের ছাড়াই। চোর্টজর্জরিত কিউইরা পাচ্ছে না ট্রেন্ট বোল্ট, কোরি অ্যান্ডারসন, রস টেলর এবং মিচেল সাটনারকে। বিশ্রামে আছেন নিয়মিত অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম এবং ফাস্ট বোলার টিম সাউদি।
তারপরও এই নিউজিল্যান্ড যথেষ্ট সমীহ জাগানো দল। এর প্রমাণ তারা এরইমাঝে দিয়েছে দুই ম্যাচের টি২০ সিরিজ সমতায় শেষ করে। ডারবানে কিউইরা হেরেছিল ৬ উইকেটে। সেঞ্চুরিয়নে দ্বিতীয় এবং শেষ টি২০ ম্যাচটি তারা জিতে নিয়েছে ৩২ রানে।
তাই আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে কিউইরা। তাদের বড় উদ্বেগ মিডল অর্ডার নিয়ে। এখানে কেউ ভরসা দিতে পারছেন না। অথচ শুরুটা চমৎকার করে দিয়ে যাচ্ছেন মার্টিন গাপটিল এবং কেন উইলিয়ামসন। টি২০ ক্রিকেটে ওপেন করলেও ওয়ানডেতে কিউই ভারপ্রাপ্ত অধিনায়ককে দেখা যেতে পারে তিন নম্বরে। সেক্ষেত্রে ওপেনিংয়ে গাপটিলের সঙ্গী হতে পারেন টম লাথাম।
ওয়ানডেতে পুরো বোলিং শক্তি নিয়ে হাজির হচ্ছেন এবি ডি ভিলিয়ার্স। দলে ফিরেছেন ডেল স্টেইন, ভারনন ফিল্যান্ডার এবং ইমরান তাহির। এই তিনজনই টি২০ সিরিজে ছিলেন না। পিতৃত্বকালীন ছুটিতে থাকায় টি২০ সিরিজ খেলেননি জেপি ডুমিনি। ওয়ানডে সিরিজের আগে একই ছুটিতে গেলেন ফাস্ট বোলার মরনে মরকেল। ওয়ানডেও খেলা হচ্ছে না চোটে পড়া ফ্যাফ ডু প্লেসিসের। তার শুণ্যস্থান পুরণে দেখা যেতে পারে ডিন এলগারকে।
পরিসংখ্যান বলছে, সুপার স্পোর্ট পার্কে আগে ফিল্ডিং করা দল বাড়তি সুবিধা পেয়ে এসেছে । এখানে ৪৬ ম্যাচের মধ্যে পরে ব্যাট করা দল জিতেছে ২৫ বার, আগে ব্যাট করা দল জিতেছে ১৯ বার। উইলিয়ামসন, গাপটিল এবং টেলর এই বছর এক হাজার রানের গন্ডি ছাড়িয়েছেন। উইলিয়ামসন ১ হাজার ২২৪, গাপটিল এক হাজার ১৪৯ এবং এই সিরিজে না খেলা টেলর করেছেন এক হাজার ৪১ রান। কম যাননি গ্রান্ট ইলিয়টও। তার ব্যাট থেকে এসেছে ৮২৬ রান।
নিউজিল্যান্ড (সম্ভাব্য): মার্টিন গাপটিল, টম লাথাম, কেন উইলিয়ামসন (অধিনায়ক), কলিন মুনরো, গ্রান্ট ইলিয়ট, জেমস নিশাম, লুক রনকি, নাথান ম্যাককালাম, অ্যাডাম মিলনে/মিচেল ম্যাকক্লেনগান, বেন হুইলার/ডগ ব্রাসওয়েল/ম্যাট হেনরি।
দক্ষিণ আফ্রিকা (সম্ভাব্য): মরনে ফন উইক, হাশিম আমলা, রিলে রুশো, এবি ডি ভিলিয়ার্স, ডেভিড মিলার, ফারহান বেহারডিয়েন, ডেভিড ওয়াইজ, কাইল অ্যাবট/ভারনন ফিল্যান্ডার, কাগিসো রাবাদা, ডেল স্টেইন, ইমরান তাহির।

