স্পোর্টস ডেস্ক : ২০০৮ সালে বার্সেলোনার দায়িত্ব নেন কোচ পেপ গার্দিওলা। তার তত্ত্বাবধানে প্রথম মৌসুমেই ট্রেবল জয়ের পাশাপাশি ৬টি শিরোপা জিতে নেয় কাতালান ক্লাবটি। ২০১৪ সালে বার্সার দায়িত্ব নেন কোচ লুইস এনরিক। তার তত্ত্বাবধানেও ট্রেবল শিরোপা জেতে বার্সা। কিন্তু ৬টি শিরোপা জিতে পেপ গার্দিওলাকে ছুঁয়ে ফেলার যে রেকর্ডের সামনে ছিলেন এনরিক, সেটা আর হচ্ছে না। স্প্যানিশ সুপার কাপে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরে যাওয়ায় ছয়টি শিরোপা জয়ের সুযোগ থেকে বঞ্চিত হলেন লুইস এনরিক। বঞ্চিত হলেন পেপ গার্দিওলার রেকর্ড ছোঁয়া থেকে।
এখন তার সামনে ৫টি শিরোপা জয়ের সুযোগ আছে। আসন্ন ডিসেম্বরে জাপানে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা যদি জিততে পারেন তাহলেই এক মৌসুমে ৫টি শিরোপা শোকেসে তুলতে পারবেন এনরিক। অবশ্য বার্সেলোনার দায়িত্ব নিয়ে এই প্রথম কোনো শিরোপা হাতছাড়া করলেন এনরিক।

