বিনোদন ডেস্ক : অন্ধ মেয়ে মেহজাবিন। বাবা নেই। মা বিদেশ। মেহজাবিনের দেখভাল করেন মিলি। মা তার মেয়ের বিয়ে দিতে চান। পত্রিকায় বিজ্ঞাপন দেন। পত্রিকা দেখে এক যুবক বিয়েতে আগ্রহ দেখান। ছেলেটিকে মাও ভারী পছন্দ হয়। কিন্তু যুবকটি মিলিকে দেখে অবাক হয়। কারণ মিলির সঙ্গে তার আট বছর আগে সম্পর্ক ভেঙে যায়। মেহজাবিনকে দুজনেই বুঝতে দেননা। কিন্তু একটা সময় বুঝে ফেলেন। এদিকে নীরব মেহজাবিনকে পছন্দ করেন। নাটকের কাহিনী মোড় নেয় ভিন্নদিকে।
নাটকের নাম ‘মেঘে ঢাকা আকাশ’। নাটকটি লিখেছেন জাফরিন সাদিয়া। পরিচালনা করছেন নাজমুল হক বাপ্পী। নাটকের শুটিং শেষ। ঈদে এনটিভিতে প্রচার হওয়ার কথা আছে।
পরিচালক জানালেন, ‘এটা আমার দ্বিতীয় নাটক। স্টোরিরা আমার খুব পছন্দ হয়েছে। রোমান্টিক গল্প। দর্শকরা ভিন্ন কিছু পাবে নাটকটিতে।’ এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নীরব, মেহজাবিন, ফারহানা মিলি, পাভেল ইসলাম।

