অর্থনৈতিক প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের উভয় স্টক এক্সচেঞ্জে পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে মোট টাকার অঙ্কে লেনদেনর পরিমাণ বেড়েছে।
দিন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক (ডিএসইএক্স)১৫ পয়েন্ট কমে ৪ হাজার ৭৬৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে ৬১০ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।এটা আগের দিনের তুলনায় ৭৭ কোটি ৭ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে ৫৩৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। লেনদেনে অংশ নেয় ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে শেয়ারের দর বেড়েছে ১১৮টির, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত আছে ৪১টির।
ঢাকা স্টক এক্সচেঞ্জে টাকার পরিমাণে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো- ইসলামী ব্যাংক, রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, অ্যাপেক্স ট্যানারি, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড, লাফার্জ সুরমা, গ্রামীণফোন এবং আইএফআইসি ব্যাংক।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৪৩ পয়েন্টে। লেনদেন হয়েছে ৪৮ কোটি টাকার শেয়ার। লেনদেনে অংশ নেয় ২৬২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে শেয়ারের দর বেড়েছে ৮১টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির।

