স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জয় পেয়েছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ডারবানে অনুষ্ঠিত ওই ম্যাচে জিতলেও সেঞ্চুরিয়নে দ্বিতীয়টিতে হারের তিক্ত সাধ পায় তারা। হারের পর সুপার স্পোর্টস পার্কে নিজেরা খাপ খাইয়ে নিতে পারেননি বলে দাবী করেন দলটির অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।
সেঞ্চুরিয়নে এর আগে আগস্ট মাসে আন্তর্জাতিক ম্যাচ খেলেনি দক্ষিণ আফ্রিকা। বছরের এই সময়টাতে সেখানকার পরিবেশ বেশ উত্তপ্ত থাকে। তাই ঘরের মাঠ হলেও এমন পরিস্থিতিতে নিজেরাই মানিয়ে নিতে পারেনি বলে দাবী প্রোটিয়া অধিনায়কের।
এ বিষয়ে ডি ভিলিয়ার্স বলেন, ‘সুপার স্পোর্টস পার্কের উইকেটটি যথার্থ ছিল না। ভালো পারফরম্যান্সের জন্য আপনার মানিয়ে নেওয়াটা জরুরী। কিন্তু আমরা যথেষ্ঠভাবে সেটা পারিনি।’
পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে চায় দক্ষিণ আফ্রিকা। ক্রিকেটের ওই সংক্ষিপ্ত সংস্করণে ওপেনিংয়ে ব্যাট করাসহ গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়ানোর কথা ভাবছেন ডি ভিলিয়ার্স।
আর সেটা মানিয়ে নিতে এখন থেকেই শুরু করতে চান এমনটা জানিয়ে প্রোটিয়া তারকা বলেন, ‘গত কিছু ম্যাচে আমি শুরুতে ব্যাট করে স্বাচ্ছন্দ্য বোধ করেছি। বিশ্ব কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের আগে আমি নিজেকে আরো ভালোভাবে মানিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছি। আমি এই অবস্থানে বেশ ভালো অনুভব করছি এবং ম্যাচ জয়ের অপেক্ষায় আছি।’

