বিনোদন ডেস্ক : বলিউডে সংগীত শিল্পী হিসেবে আরিজিৎ সিংয়ের অভিষেক হয়েছে বেশ কয়েক বছর হলো। এর মধ্যে খামোশিয়া, আজ ফির তুমসে, আশিকি, কাভি জো বাদল শিরোনামের বেশ কয়েকটি জনপ্রিয় গান উপহার দিয়েছেন শ্রোতাদের। নিজের প্রতিভার জন্যই সব সময় খবরে এসেছেন তিনি। কিন্তু এবার এ গায়ক খবরে এলেন ভিন্ন কারণে। কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন রবি পূজারীর হুমকির মুখে পড়েছেন এ সংগীত শিল্পী। আন্ডারওয়ার্ল্ডের ডন রবি পূজারী তার ম্যানেজারের মাধ্যমে এ গায়ককে হুমকি দিয়েছেন বলে জানা গেছে।
অরিজিৎ জানিয়েছেন, ফোনে তাকে বলা হয়, ৫ কোটি টাকা রবি পূজারীকে দিতে হবে। কিন্তু অরিজিৎ জানান তার কাছে এত টাকা নেই। এরপর তাকে বলা হয় যদি তিনি টাকা দিতে ব্যর্থ হন তাহলে বিনা পারিশ্রমিকে ২টি শো করে দিতে হবে। রবি পূজারীর ম্যানেজারের মাধ্যমে তাকে এ হুমকি দেওয়া হয় বলে অরিজিতের দাবি। এরপর আশিয়ারা থানায় অভিযোগ দায়ের হয়েছে।
ভারতীয় একটি ইংরেজি দৈনিককে সাক্ষাত্কার দিতে গিয়ে গায়ক জানান, গত বছর সেপ্টেম্বরে তিনি মার্কিন মুলুকে গিয়েছিলেন শো করতে। সেই সময় তার সেখানকার সমস্ত শোগুলো আয়োজন করে দিয়েছিলেন নাট্টু ভাই নামে এক ব্যক্তি। এই নাট্টু ভাইয়ের সঙ্গে বিভিন্ন প্রমোটারের যোগাযোগ আছে, যারা নাট্টুর মাধ্যমে শেষমুহূর্ত বেশ কিছু শো অরিজিতকে দিয়ে করার জন্য অনুরোধ করে। এমনই এক প্রমোটার, সেও একটু কম পয়সায় বেশ কয়েকটি শো অরিজিতকে দিয়ে করানোর অনুরোধ করেছিল। কিন্তু অরিজিৎ রাজি না হওয়ায়, সেই প্রমোটার ডন রবি পূজারীর যোগসূত্র ব্যবহার করে তাকে হুমকি দেয়।
মূলত প্লেব্যাক শিল্পী হিসেবেই বেশি খ্যাতি পেয়েছেন আরিজিৎ। বলিউডের পাশাপাশি ভারতীয় বাংলা সিনেমার গানেও কণ্ঠ দিয়ে থাকেন এ গায়ক। তবে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, কোনো পুলিশি নিরাপত্তা দাবি করেননি আরিজিৎ সিং।

