বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফের সম্পর্কের নিয়ে বলিপাড়ায় প্রতিনিয়ত চলছে নিত্য নতুন গুঞ্জন। সম্প্রতি তাদের গুঞ্জনের সঙ্গে যোগ হয়েছিল রণবীরের সাবেক প্রেমিকা দীপিকার নাম। এক সাক্ষাৎকারে সকল গুঞ্জনের জবাব দিলেন ক্যাটরিনা।
কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল ইমতিয়াজ আলি পরিচালিত তামাশা সিনেমার শুটিং শেষে এক পার্টির আয়োজন করেছিলেন সিনেমাটির মূল দুই অভিনয় শিল্পী রণবীর কাপুর এবং দীপিকা পাড়ুকোন। সেই পার্টি নাকি দাওয়াত না পেয়েও হাজির হয়েছিলেন রণবীরের বর্তমান প্রেমিকা ক্যাটরিনা।
সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে প্রশ্ন করলে ক্যাটরিনা বলেন, ‘এটি একটি মজার প্রশ্ন। কারণ আমিও খবরটি পড়েছি। আমি যখন সেটি পড়ছিলাম তখন যিনি খবরটি লিখেছেন তাকে জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছিল, আমাকে কী আপনার খুব বোকা মনে হয়?’
তিনি আরো বলেন, ‘আপনার যখন ক্যাটরিনার কথা মনে হয়, তখন কী আপনি আমাকে বোকা মনে করেন? যখন রণবীরের কথা মনে হয়, তখন কী আপনি তাকে বোকা মনে করেন? যখন দীপিকার কথা মনে হয়, তখনও কী আপনি তাকে বোকা মনে করেন? না! আমরা কেউই বোকা নই’
ক্যাটরিনা এখন ব্যস্ত রয়েছেন তার পরবর্তী সিনেমা ফ্যান্টম-এর প্রচারণা নিয়ে। কবির খান পরিচালিত ক্যাটরিনার ফ্যান্টম সিনেমাটি হুসেইন জাইদির উপন্যাস ‘মুম্বাই অ্যাভেঞ্জার্স’-এর ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত এই সিনেমার বিষয় বিশ্ব-সন্ত্রাস। সিনেমাটিতে সাইফ আলি খানের প্রেমিকার চরিত্রে অভিনয় করছেন ক্যাটরিনা। আগামী ২৬ আগস্ট মুক্তি পাবে এ সিনেমাটি।

