অর্থনৈতিক প্রতিবেদক : ২০১৪-১৫ অর্থবছরের ১২ মাসে সরকার দাতা দেশ ও সংস্থাগুলোর কাছ থেকে প্রতিশ্রুতি আদায়ে কিছুটা পিছিয়ে থাকলেও লক্ষ্যমাত্রা অনুযায়ী অর্থছাড় নিশ্চিত করেছে সরকার।
শনিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এর সর্বশেষ প্রকাশিত হিসাবে এ তথ্য পাওয়া যায়। ইআরডি আরো দাবি করেছে, দেশের অর্থনীতি স্থিতিশীল থাকার পাশাপাশি অভ্যন্তরীণ সম্পদের যোগান বৃদ্ধি পাওয়ায় সরকার কঠিন শর্তে বৈদেশিক ঋণ না নেয়ায় প্রতিশ্রুতির টার্গেট পূরণ হয়নি।
ইআরডি তথ্যে দেখা গেছে, গত ২০১৪-১৫ অর্থ বছরে সরকার বৈদেশিক অর্থ ছাড়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ৩শ কোটি মার্কিন ডলার। তবে গত অর্থবছরে দাতারা এ অর্থছাড় দিয়েছে ৩শ কোটি ৮৯ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে ঋণ হচ্ছে ২৪৪ কোটি ৩৬ লাখ ৪০ হাজার মার্কিন ডলার এবং অনুদান ৫৬ কোটি ৫৩ লাখ ১০ হাজার মার্কিন ডলার। যা নির্ধারিত লক্ষ্যমাত্রার থেকে ৮৯ কোটি ডলার বেশি।
যা তার আগের ২০১৩-১৪ অর্থবছর এ ছাড়ের পরিমাণ ছিল ৩শ কোটি ৮৬ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে ঋণ ২২৮ কোটি ৫০ লাখ ৬০ হাজার মার্কিন ডলার এবং অনুদান ৭২ কোটি ৩৬ লাখ ২০ হাজার মার্কিন ডলার।
ইআরডি হিসাব অনুযায়ী, গত ২০১৪-১৫ অর্থবছরে বৈদেশিক সহায়তার মোট প্রতিশ্রুতি এসেছে ৫২১ কোটি ৯ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে ঋণ ৪৭৫ কোটি ৫১ লাখ ৯০ হাজার মার্কিন ডলার এবং অনুদান ৪৫ কোটি ৫৭ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। তার আগের বছর মোট প্রতিশ্রুতি এসেছিল ৫৮৪ কোটি ৫১ লাখ ১০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে ঋণ ৫৩৪ কোটি ৪৮ লাখ মার্কিন ডলার এবং অনুদান ৫০ কোটি ৩ লাখ ১০ হাজার মার্কিন ডলার।
২০১৪-১৫ অর্থ বছরে বাংলাদেশ ঋণ পরিশোধ করে ১১০ কোটি ৫৯ লাখ মার্কিন ডলার। এর মধ্যে সুদ ১৮ কোটি ২৪ লাখ ৩০ হাজার মার্কিন ডলার এবং আসল ৯২ কোটি ৩৪ লাখ মার্কিন ডলার।
তবে তার আগের ২০১৩-১৪ অর্থবছরে মোট পরিশোধ করেছিল ১২৯ কোটি ৩৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে আসল ১০৮ কোটি ৭৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার এবং সুদ ২০ কোটি ৬০ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।
এদিকে বাংলাদেশকে সর্বোচ্চ ১০৩ কোটি ৩৩ লাখ মার্কিন ডলার অর্থছাড় দিয়েছে বিশ্বব্যাংক। এর মধ্যে ঋণ ৮৮ কোটি ২১ লাখ ২০ হাজার ডলার ও অনুদান ১৩ কোটি ১২ লাখ ৭০ হাজার ডলার।
অর্থ ছাড়ে দ্বিতীয় সর্বোচ্চ ৭১ কোটি ১৫ লাখ ডলার ছাড় করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এর মধ্যে ৫৮ লাখ ডলারের অনুদান ও ৭০ কোটি ৫৭ লাখ ডলার ঋণ।
এরপরেই জাপান আন্তর্জাতিক সহযোগী সংস্থা (জাইকা) ২৯ কোটি ৪০ লাখ ডলার বৈদেশিক সহায়তা ছাড় করেছে। এর মধ্যে ১ কোটি ১৭ লাখ ডলার অনুদান আর ২৮ কোটি ২২ লাখ ডলার ঋণ সহায়তা হিসেবে।
এছাড়া চীন ১৪ কোটি ৮০ লাখ ডলার, ভারত ৯ কোটি ৩৮ লাখ ডলার এবং ইসলামিক উন্নয়ন ব্যাংক (আইডিবি) ১২ কোটি ডলারের ঋণ সহায়তা ছাড় করেছে।

