অর্থনৈতিক প্রতিবেদক : স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ২০২১ সালে পোশাক শিল্পখাতের পক্ষ থেকে বিজিএমইএ যে ৫০ বিলিয়ন ডলার রপ্তানির ঘোষণা দিয়েছে, তার শতভাগ বাস্তবায়নে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সহযোগিতার আশ্বাস প্রদান করেছে।
বৃহস্পতিবার এনবিআর কার্যালয়ে বিজিএমইএ’র আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা এবং অস্ট্রেলিয়ার আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. শরিফ আস-সাবেরের সঙ্গে বোর্ডের কর্মকর্তাদের সাক্ষাতে এ আশ্বাস প্রদান করা হয়। এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের আমন্ত্রণে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে ড. শরিফ অ্যাস-সাবেরের আলোচনায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ২০২১ সালে পোশাক শিল্পখাতের পক্ষ থেকে বিজিএমইএ যে ৫০ বিলিয়ন ডলার রপ্তানির জন্য রাজস্ব বোর্ড সম্ভাব্য কি কি ভুমিকা ও অবদান রাখতে পারে সে বিষয়ে মতবিনিময় হয়।
সভায় কর, শুল্ক এবং বাজেট সংক্রান্ত প্রাসঙ্গিক বিষয় নিয়েও আলোচনা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে ৫০ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা অর্জনে বিজিএমইএকে পূর্ণ সহযোগিতা প্রদানের নিশ্চয়তা দেন চেয়ারম্যান।
ড. শরিফ অ্যাস-সাবের লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে মতামত ও পরামর্শ প্রদানের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং মেম্বারদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি বলেন যে, রানা প্লাজার দূর্ঘটনার পর সরকার যেভাবে পোশাক শিল্পের প্রতিকূলতা মোকাবেলা বিশেষ করে দেশে ও বিদেশে পোশাক শিল্পের ভাবমূর্তির পূনর্গঠনে এগিয়ে এসেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়।
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, জাতীয় রাজস্ব বোর্ড এবং অন্যান্য সরকারি সংস্থার বলিষ্ঠ ও গতিশীল ভূমিকা পালন শুধুমাত্র যে পোশাক শিল্পের ৫০ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করবে তা নয় বরং এই ঐক্যবদ্ধ প্রয়াস একটি উন্নত, অধিকতর সমৃদ্ধশালী ও সুখী বাংলাদেশ গড়তে সহায়তা করবে।
আলোচনাসভায় এনবিআর চেয়ারম্যান ছাড়াও সদস্য (ট্যাক্সেশন), সদস্য (প্রশাসন) এবং সদস্য (কাস্টমস) অংশগ্রহণ করেন।

