নিজস্ব প্রতিবেদক : ছাত্রীকে যৌন হয়রানির শাস্তি হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের শিক্ষক মো. সাখাওয়াত হোসেনকে পদাবনতি এবং বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ৬৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা সূত্রে জানা যায়, যৌন হয়রানির শাস্তি হিসেবে সাখাওয়াত হোসেনকে সহযোগী অধ্যাপক থেকে পদাবনতি দিয়ে সহকারী অধ্যাপক করা হয়েছে। এ ছাড়া পরবর্তী দুই বছর পদোন্নতির ব্যাপারে তিনি কোনো আবেদন করতে পারবেন না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।
গত ২৬ এপ্রিল বিভাগের দশম ব্যাচের এক ছাত্রী ও তার বাবা-মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।
অভিযোগের পর ওই দিনই ওই শিক্ষককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয় এবং তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এ শাস্তি দেওয়া হলো।

