বিনোদন ডেস্ক : মুক্তির আগেই পাকিস্তানি তরুণ নারী নির্মাতা আফিয়া নাথানিলের প্রথম এবং আলোচিত ফিচার ফিল্ম দুখতার(ডটার) প্রদর্শন হবে তুরস্কে।
জানা গেছে, আসছে ১৮ আগস্ট তুরস্কের ঐতিহাসিক গ্যাসওয়ার্ক এবং আহমেদ আদনান সেজান কালচারাল সেন্টারে প্রথমবারের মত প্রদর্শন হবে পাকিস্তানি নির্মাতা আফিয়ার ছবি ‘ডটার’। এক মা ও ১০ বছর বয়সী কন্যা সন্তানের নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটে বেড়ানোকে কেন্দ্র করে গড়ে উঠে ছবিটির কাহিনী। কারণ পাকিস্তানি এক গোত্র প্রধানের চোখ পড়ে ১০ বছর বয়সী কন্যা জয়নবের উপর। সে তাকে বিয়ে করতে চায়। অথচ জয়নবের মা জানে, এই গোত্র প্রধানেরা কতটা হিংস্র হয়। তাই সে তার সন্তান জয়নবকে নিয়ে একটা সভ্য সমাজের খোঁজে পথে চলে। অথচ তাদের পেছনে ঠিকই থাকে শকুনের চোখ। এমন গল্প নিয়েই আফিয়ার ‘ডটার’।
উল্লেখ্য, আফিয়া নাথানেল একজন পাকিস্তানি ইন্ডিপেন্ডেন্ট নির্মাতা, যিনি মূলত নিউইয়র্ক ভিত্তিক একজন লেখক, প্রযোজক এবং সম্পাদকও বটে। পাকিস্তানের লাহোরে তার জন্ম ও বেড়ে উঠা হলেও। পাকিস্তানে ফিল্মের উপর কোনো প্রতিষ্ঠান না থাকায় তিনি কলম্বিয়া ইউনিভার্সিটি স্কুল অব আর্ট থেকে গ্রেজুয়েট সম্পন্ন করেন। প্রথমে শর্টফিল্ম নির্মাণ করে আলোচনায় আসেন আফিয়া। ‘ডটার’ তার প্রথম ফিচার ফিল্ম। ছবিটিতে সামিয়া মমতাজ, মহিব মির্জা এবং জয়নবের চরিত্রে অভিনয় করেছেন সালেহা আরেফ। ইতিমধ্যে ছবিটি বিভিন্ন উৎসবে প্রদর্শন হওয়ার পাশাপাশি বেশ প্রশংসাও কুড়িয়েছে। আসছে অক্টোবরে আমেরিকায় ছবিটি মুক্তির কথা রয়েছে।

