বিনোদন ডেস্ক : ব্যবসা নিয়ে ব্যস্ততার কারণে ক্যান্সার আক্রান্ত স্ত্রী তারিনকে খুব একটা সময় দিতে পারেন না রিয়াজ। এ নিয়ে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়। কিন্তু একমাত্র সন্তানের কথা চিন্তা করে দুজনে আবারো ভালোবাসার কাব্য রচনা করার সিদ্ধান্ত নেন। এমনই এক গল্প নিয়ে পরিচালক শামিম জামান নির্মাণ করেছেন ‘ভালোবাসার কাব্য’। নাটকটি রচনা করেছেন এমএস রানা।
নাটকের গল্পে দেখা যাবে, মৌমিতার স্বামী সোহেল। সে একজন ব্যবসায়ি। তাদের একমাত্র সন্তান অরুধ্য। সোহেল ব্যবসায়িক কারণে তার স্ত্রীকে খুব একটা সময় দিতে পারে না। তাই স্ত্রী তাকে ভুল বোঝে। এক পর্যায়ে তারা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু মৌমিতা তার স্বামীকে কিছু শর্ত দিয়ে একমাস সময় নেয়। বিয়ের পর তাদের যেমন সর্ম্পক ছিলো সেরকম ভাবে যেন চলে। সোহেল তার ছেলে অরুধ্যর কথা চিন্তা করে রাজি হয়ে যায়। তাদের সর্ম্পক আবার আগের মতন ফিরে আসে। তার পর হঠাৎ করে মৌমিতা মারা যায়। কারণ মৌমিতা আগের থেকে ক্যান্সারে আক্রান্ত ছিলো। এভাবেই গল্পটি এগিয়ে যায়।
‘ভালোবাসার কাব্য’ নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন রিয়াজ-তারিন। এছাড়াও রয়েছে শিশু শিল্পী শব্দ। ১৪ আগস্ট বিকেল ৩ টায় চ্যানেল আইতে নাটকটি প্রচার হবে।

