ঢাকাThursday , 13 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কে জিতবেন ইউরোপ-সেরার মুকুট?

Link Copied!

uefaস্পোর্টস ডেস্ক : গত মৌসুমের উয়েফার সেরা খেলোয়াড়ের জন্য করা সংক্ষিপ্ত তিনজনের তালিকায় লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো জায়গা করে নিবেন সেটা এক প্রকার নিশ্চিতই ছিল। তবে তৃতীয় ব্যক্তিটি কে হবেন সেটি নিয়েই বেশি আলোচনা ছিল। মেসি-রোনালদোর সঙ্গে জায়গা করে নেয়ার জন্য নেইমার, আর্তুরো ভিদাল ও এডেন হ্যাজার্ডের নামই বেশি উচ্চারিত হয়েছিল। তবে এদেরকে টপকে সবাইকে চমকে উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের জন্য সংক্ষিপ্ত তিনজনের তালিকায় মেসি ও রোনালদোর পাশে জায়গা করে নিয়েছেন বার্সেলোনার উরুগুয়েন তারকা লুইস সুয়ারেজ।
২০০৮ সাল থেকে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যে যেই ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে এবারের উয়েফা বর্ষসেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে সেই লড়াই অব্যাহত রয়েছে। এই দুজনের পাশাপাশি সুয়ারেজ সেরা তিনে জায়গা করে নিলেও মূল লড়াইটা যে মেসি ও রোনালদোর মধ্যে হবে সেটি বলার আর অপেক্ষা রাখে না।
ইউরোপ-সেরার মুকুট কে জিতবেন সেটা জানার জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হবে না ফুটবলভক্তদের। আগামী ২৭ আগস্ট মোনাকোতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ-পর্বের ড্র অনুষ্ঠানে সেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করবে উয়েফা।
যেভাবে সেরা নির্বাচন করা হয়: আগের বছরগুলোর মতো, উয়েফার ৫৪ সদস্য দেশের সাংবাদিকরা সেরা পাঁচজন খেলোয়াড়কে ভোট দেয়ার সুযোগ পাবেন। সাংবাদিকদের ভোটেই উয়েফার বর্ষসেরা খেলোয়াড়কে মনোনীত করা হবে।
নিয়ম অনুযায়ী, প্রথম পছন্দের ভোট যাকে দেয়া হবে সেই খেলোয়াড় পাবেন ৫ পয়েন্ট, দ্বিতীয় পছন্দের খেলোয়াড় পাবেন ৪ পয়েন্ট, তৃতীয় জন ৩ পয়েন্ট, চতুর্থ জন ২ পয়েন্ট এবং পঞ্চম পছন্দের ফুটবলার পাবেন ১ পয়েন্ট। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া খেলোয়াড়দের মধ্য হতে দশজনকে বাছাই করার পর দ্বিতীয় দফা ভোটের মাধ্যমে বৃহস্পতিবার সেরা তিনজনের তালিকা প্রকাশ করে উয়েফা।
চূড়ান্ত ভোটের মাধ্যমে মেসি, রোনালদো ও সুয়ারেজের মধ্য হতে আগামী ২৭ আগস্ট একজনকে বেছে নিবে ইউরোপিয়ান ফুটবলের অভিবাবক উয়েফা। আগের বছরগুলোতে উয়েফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেন লিওনেল মেসি (২০১১), আন্দ্রেস ইনিয়েস্তা (২০১২), ফ্রাংক রিবেরি (২০১৩) ও ক্রিশ্চিয়ানো রোনালদো (২০১৪)।
লিওনেল মেসি ও রোনালদো মধ্যে কেউ যদি এবার উয়েফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেন তবে তিনি একমাত্র খেলোয়াড় হিসেবে মর্যাদার এই অ্যাওয়ার্ডটি দুবার জয়ের রেকর্ড গড়বেন।
তবে একটা দিক থেকে ক্রিশ্চিয়ানো রোনালদো তার প্রতিদ্বিন্দ্বী লিওনেল মেসির চেয়ে এগিয়ে রয়েছেন। ২০১১ সাল থেকে উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার চালু হওয়ার পর প্রত্যেকবারই রোনালদো সেরা তিনে জায়গা করে নিয়েছেন। তবে গতবার মেসি সেরা তিনে জায়গা পাননি।
উয়েফা বর্ষসেরা খেলোয়াড় নির্বাচনে সাংবাদিকদের ভোটে সেরা দশে থাকা অপর তারকারা হলেন- জিয়ানলুইজি বুঁফন (চতুর্থ, ২৪ পয়েন্ট), নেইমার (পঞ্চম, ২৩ পয়েন্ট), এডেন হ্যাজার্ড (ষষ্ঠ, ২১ পয়েন্ট), আন্দ্রে পিরলো (সপ্তম, ১২ পয়েন্ট), আর্তুরো ভিদাল (অষ্টম, ১১ পয়েন্ট), কার্লোস তেভেজ (নবম, ৮ পয়েন্ট) ও পল পগবা (দশম, ৫ পয়েন্ট)।
উয়েফা বর্ষসেরা খেলোয়াড়ের সেরা তিনে থাকা মেসি-রোনালদো ও সুয়ারেজের কিছু পরিসংখ্যান দেখে নেয়া যাক:
লিওনেল মেসি: গত বছরের নভেম্বরে সেভিয়ার বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্টিক করে স্প্যানিশ লা লিগায় তেলমো জারা’র করা ২৫১ গোলের রেকর্ড ভেঙে দেন। সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে ট্রেবল (লা লিগা, কোপা ডেল রে ও চ্যাম্পিয়ন্স লিগ) জিতিয়েছেনতিনি। প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে ৫৮ গোল করেছেন এই আর্জেন্টাইন তারকা। অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে কোপা ডেল রে’র ফাইনালে জোড়া গোল করে কাতালানদের শিরোপা জেতান চারবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও কম যাননি মেসি। গত মৌসুমে ক্রিশ্চিয়ানো রোনালদো ও ক্লাব সতীর্থ নেইমারের সঙ্গে যৌথ সর্বোচ্চ ১০ গোল করেন তিনি। এছাড়া উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রোনালদোর করা ৭৭ গোলের রেকর্ড ও উয়েফা সুপার কাপের ফাইনারে জোড়া গোল করে উয়েফা ক্লাব প্রতিযোগিতায় রিয়াল মাদ্রিদ তারকার করা ৮০ গোলের রেকর্ডে ভাগ বসান তিনি।
ক্রিশ্চিয়ানো রোনালদো: গত মৌসুমে দলকে কোনো মেজর শিরোপা জেতাতে না পারলেও ক্যারিয়ারের সেরা সময় পার করেছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। গত মৌসুমে ক্যারিয়ার-সেরা ৬১ গোল করেছেন তিনি, ইউরোপে গত মৌসুমে যেটা সর্বোচ্চ গোলের রেকর্ড। তাছাড়া মেসিকে টপকে গত মৌসুমে স্প্যানিশ লা লিগার সর্বোচ্চ গোলদাতার (৪৮) পুরস্কার জিতেন এই পর্তুগিজ সুপারস্টার।চ্যাম্পিয়ন্স লিগে গত মৌসুমে মেসি ও নেইমারের সঙ্গে যৌথ সর্বোচ্চ ১০ গোল করেন।
গত মৌসুমে প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসানোর পথে কিংবদন্তী ডি স্টেফানোকে টপকে মাত্র পাঁচ মৌসুমে রিয়াল মাদ্রিদের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার মালিক বনেন। এছাড়া গ্রানাডার বিপক্ষে ৫ এপ্রিল ক্যারিয়ারে প্রথমবারের মতো এক ম্যাচে পাঁচ গোল করার কীর্তি গড়েন তিনবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। এছাড়া লা লিগায় টানা তিন ম্যাচে এসপানিওল, গেটাফে ও আলমেরিয়ার বিপক্ষে হ্যাটট্টিক করার এক অনন্য রেকর্ড গড়েন তিনি।
লুইস সুয়ারেজ: গত মৌসুমে লিভারপুল ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছেন লুইস সুয়ারেজ। নিষেধাজ্ঞার কারণে বার্সার হয়ে অভিষেকটা একটা বিলম্বিত হলেও নিজের প্রতিভা দেখাতে খুব একটা সময় নেননি এই উরুগুয়ে তারকা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল’র প্রথম লেগে ইংলিশ চ্যাম্পিয়ন (২০১৪) ম্যানচেস্টার সিটির বিপক্ষে জোড়া গোল করে আলোয় আসেন সুয়ারেজ। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জুভেন্টাসের বিপক্ষে গোল করার পাশাপাশি  উয়েফা সুপার কাপের ফাইনালে সেভিয়ার বিপক্ষেও গোলের দেখা পান তিনি। এছাড়া মেসি ও নেইমারের সঙ্গে অপ্রতিরোধ্য জুটি গড়ে তিনজন মিলে রেকর্ড ১২২ গোল করে প্রতিপক্ষ শিবিরে কাঁপন ধরান। বড় ম্যাচে গোল করার পাশাপাশি অ্যাসিস্টেও সমান পারদর্শিতা দেখানোয় নেইমারকে হারিয়ে সেরা তিনে জায়গা করে নেন লিভারপুলের সাবেক এই তারকা।