ঢাকাWednesday , 12 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পরী মনির দখলে আগস্ট

Link Copied!

Porimoniবিনোদন ডেস্ক : ‘ভালোবাসা সীমাহীন এ জীবন সীমাহীন নয়তো’- কথাগুলো পরী মনি অভিনীত প্রথম চলচ্চিত্র ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের গান। সিনেমা মুক্তির আগে থেকেই কম ভালোবাসা কুড়োননি তিনি। সিনেমা মুক্তির পর সে ভালোবাসা বরং বেড়েছে। পরী মনি এখন জপছেন,‘আরো ভালোবাসবো তোমায়’। এস এ হক অলিকের নির্মাণে সম্ভবত পরীমনির সবচেয়ে কাঙ্খিত চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে এই মাসে। সঙ্গে মুক্তি পাচ্ছে ফারুক ওমর নির্মিত ‘লাভার নাম্বার ওয়ান’ নামে আরেকটি চলচ্চিত্র।সবমিলে এ আগষ্টে মুক্তিপেতে যাচ্ছে চারটি চলচ্চিত্র।অনন্য মামুন পরিচালিত ‘ব্ল্যাকমেইল’ এবং রিকিয়া মাসুদো পরিচালিত স্টোরি অব সামারা চলচ্চিত্র দুটি ছাড়া বাকি দুটি চলচ্চিত্রেরই নায়িকা থাকছেন পরী মনি।
ঢাকাই চলচ্চিত্র যখন নায়িকা সঙ্কটে তখন পরী মনির আবির্ভাব।একের পর এক চলচ্চিত্রে যুক্ত হয়ে নিজেকে প্রমাণ করেছেন পরী। বছরটা পরীমনির হবে, এমন আভাস আগেই পাওয়া গিয়েছিল। হিসেব বলছে, এ বছরই মুক্তি পাচ্ছে পরী মনির আরো হাফডজন ছবি। ফলে শুধু আগষ্ট নয় পুরো বছরই থাকছে পরী মনির দখলে।
তবে নায়িকা হিসেবে পরী মনির বাণিজ্যিক চাহিদা যাই থাকুক, দর্শক এখনো পরী মনি অভিনীত মানসম্পন্ন ছবি দেখতে পাননি। এস এ হক অলিকের নির্মাণে শাকিব খানের সঙ্গে পরীর নতুন রসায়ন দর্শকদের জন্য উপভোগ্য হলেও হতে পারে। কিন্তু আশার কথা এই এ নায়িকা অভিনয় করেছেন কিছু চ্যালেঞ্জিং চরিত্রেও। নজরুল ইসলাম খান নির্মিত ‘রানা প্লাজা’ কিংবা শামিম আরা নীপা নির্মিত ‘মহুয়া সুন্দরী’ বদলে দিতে পারে পরীর নায়িকা ইমেজ। উপস্থাপন করতে পারে নতুন পরী মনিকে। এমনটাই ভাবছেন সিনে বিশ্লেষকরা। এ চলচ্চিত্র দুটিও মুক্তি পেতে যাচ্ছে সহসা।
এবার একনজরে দেখা যাক পরী মনি অভিনীত মুক্তিপ্রাপ্ত ও মুক্তিসম্ভাব্য চলচ্চিত্রগুলো। এ বছর ফেব্রুয়ারিতে ‘ভালোবাসা সীমাহীন’ ছবির মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে অভিষেক ঘটে তার। মাত্র দুই মাসের মাথায় এপ্রিলে মুক্তি পায় পরীমনির দ্বিতীয় ছবি ‘পাগলা দিওয়ানা’। স্বল্প বাজেটের এই ছবিগুলো কেবল মাত্র এই নায়িকার কল্যাণেই দর্শক টানতে সর্মথ হয়।
প্রথম দুটি ছবির পর টানা তিন মাস প্রেক্ষাগৃহে পরীমনি অনুপস্থিত। ঈদে মুক্তি পাওয়ার আশা জাগিয়েও ‘আরো ভালবাসবো তোমায়’ চলচ্চিত্রটি মুক্তি পায়নি। পরী মনিও মন খারাপ করে ছিলেন। সে মন খারাপ পুষিয়ে দিচ্ছে আগষ্ট। আগামী ১৪ আগস্ট ছবিটির মুক্তির দিন ধার্য করা হয়েছে।
ক্যারিয়ারের শুরতেই শাকিব খানের মতো নায়কের সঙ্গে অভিনয় করাটা পরীর ক্যারিয়ারের জন্য একটা সুবর্ণ সুযোগ বলে মনে করেন চলচ্চিত্র সংশিল্ষ্টরা। এ সুযোগ কাজে লাগিয়ে যদি তিনি দর্শকদের মন জয় করতে পারেন তাহলে আগামী দিনের এক নম্বর নায়িকা হিসেবে নিজের অবস্থান পাকাপোক্ত করতে পারবেন বলে সবাই বিশ্বাস করছেন।
এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘শাকিব খানের মতো তারকার বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করাটা বেশ আনন্দের। ভক্তরা আমাকে নতুনভাবে পাবেন এই ছবিতে।’
ছবিটির পরিচালক এস এ হক অলিক এর আগে ‘হৃদয়ের কথা’ ও ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ শিরোনামে দু’টি চলচ্চিত্র নির্মাণ করে প্রসংশা কুড়িয়েছিলেন। সে ধারাবাহিকতায় এ ছবিটিও ভালোবাসার গল্পকেন্দ্রীক। সে হিসেবে রোমান্টিক গল্পে নায়িকা হিসেবে পরী মনিকে দেখতে পাবেন দর্শক। প্রথম দুটি ছবির তুলনায় এই ছবিটি গল্প নির্ভর হওয়ায়, অভিনয়শৈলী দেখানোর মতো অনেক জায়গা রয়েছে। এখন দেখার বিষয়, পরীমনি নিজেকে কতটুকু উজাড় করে দিতে পেরেছেন। পরীর অভিনয় গুণ আর গল্পটি যদি দর্শকদের মনে ধরে বাংলা চলচ্চিত্রে নতুন জুটির উত্থান ঘটে যেতে পারে সহসাই।
এদিকে মাত্র এক সপ্তাহের ব্যবধানে পরীমনি অভিনীত আরো একটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। ফারুক ওমরের পরিচালনায় ‘লাভার নাম্বার ওয়ান’ ছবিটি আগামী ২১ আগস্ট মুক্তি দেয়ার কথা রয়েছে। এতে পরীমনির বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক বাপ্পি চৌধুরীকে। একটি ছবির রেশ কাটতে না কাটতেই আরেকটি ছবি। তাই এ নিয়ে কিছুটা শঙ্কাও রয়েছে। কারণ পরপর দুই সপ্তাহ একই নায়িকার ছবি দর্শক দেখতে চাইবে বলে মনে করছেন না অনেকে। তবে বিপরীত মন্তব্যও রয়েছে অনেকের। তাদের মতে, প্রথম ছবিটির মাধ্যমে দর্শক টানতে পারলে, দ্বিতীয়টি দিয়েও উতরে যাবেন পরীমনি।
‘লাভার নাম্বার ওয়ান’ ছবিটি যতটা না গল্প নির্ভর, তার চেয়ে বেশি নায়িকা নির্ভর। কারণ এই ছবিতে গল্পের মারপ্যাঁচ খুব একটা নেই। উল্টো এই ছবির মাধ্যমে বেশ কয়েকমাস পর পর্দায় ফিরছেন নায়ক বাপ্পি। সব মিলিয়ে ছবিটি নিয়ে কিছুটা শঙ্কা তো থাকবেই।
কিছুদিন আগে ‘লাভার নাম্বার ওয়ান’ ছবির ট্রেইলারটি অনলাইনে মুক্তি দেয়া হয়েছে। কিন্তু ছবি মুক্তির আগেই এমন ট্রেইলার দেখে অনেকে সমালোচনায় মুখর হয়ে উঠেছেন। কারণ এখানে কয়েকটি সংলাপ অশ্লীল ভাবে উপস্থাপন করতে দেখা গিয়েছে পরীমনিকে। যা তার জন্য অভিশাপ, নাকি আর্শিবাদ তা ছবি মুক্তি পেলেই বুঝা যাবে।
তবে ঢাকাই ছবির বোদ্ধাদের মতে, ‘আরো ভালোবাসবো তোমায়’ এর মতো একটি ভাল ছবির পর, এমন একটি ছবি পরীমনির ক্যারিয়ারে খুব একট প্রভাব ফেলবে না। বরং ভিন্ন একটি শ্রেণীর দর্শক টানতে সমর্থ হবে তিনি।
আগস্টে দুটি ছবির মুক্তির পর মাত্র এক সপ্তাহ বিরতি দিয়ে আবারো প্রেক্ষাগৃহের দর্শকদের সামনে হাজির হবেন পরীমনি। তবে এবারের উপস্থিতিটা একটু ভিন্ন। কারণ ‘রানাপ্লাজা’ নামের এই ছবিতে একজন পোশাক শ্রমিকের চরিত্রে দেখা মিলবে এই নায়িকার। প্রথমবারের মতো পরীর এমন রূপ দেখতে দর্শকও যে প্রেক্ষাগৃহমুখী হবেন তা অগ্রিম বলে দেয়া যায়।
আগামী ৪ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘রানা প্লাজা’ ছবিটি। ছবির পোষ্টারে রাস্তায় হেটে যেতে ইতিমধ্যেই পরীমনিকে দেখছেন সারাদেশের দর্শক। পরী মনির রূপ দর্শন চলবে পুরো আগষ্ট জুড়ে। বছরজুড়ে পরী মনিই বুঝি হলগুলো দখল করে রাখবেন। এমন আশঙ্কায় কাঁপছে অন্য নায়িকাদের বুক…
এতেই পরী মনির সুখ। দর্শকদের উদ্দেশ্যে তিনিতো বলছেনই আরো ভালোবাসবো তোমায়…