রংপুর প্রতিনিধি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হল আগামী পহেলা সেপ্টেম্বরের মধ্যে চালুর দাবিতে উপাচার্যকে (ভিসি) আলটিমেটাম দিয়েছে হলের প্রভোস্ট বডি।
সোমবার সন্ধ্যায় নবনির্মিত বঙ্গবন্ধু হল চালুর দাবি সংবলিত এক স্মারকলিপিতে উপাচার্যকে এ আলটিমেটাম দেয়া হয়।
এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলের প্রভোস্ট ড. কমলেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে জরুরি সভা অুনষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে হলটি চালুর দাবি জানানো হয়।
পরে বিকেলে উপাচার্যকে দেয়া স্মারকলিপিতে আগামী ১২ আগস্টের মধ্যে বঙ্গবন্ধু হলটিতে সংযুক্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ, নিরাপত্তা নিশ্চিতসহ প্রয়োজনীয় জনবল পদায়ন, ২৫ আগস্টের মধ্যে ফিটিংস পুনঃস্থাপন করে হলটিকে বাসযোগ্য করার দাবি জানানো হয়। একই সাথে হলের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতি স্থাপন করার কথাও বলা হয় ।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলটি নির্মাণের প্রায় ৩ বছর পার হয়েছে। সাবেক উপাচার্যের মতো বিভিন্ন অজুহাতে বর্তমান উপাচার্যও হলটি চালু করতে আগ্রহী হয়ে উঠছে না। এর আগে তিন দফায় হলের প্রভোস্ট ও সহকারী প্রভোস্ট পরিবর্তিত হয়েছে। বর্তমানে হলের প্রভোস্টসহ দায়িত্বপ্রাপ্তরা ভাতা ও মোবাইল বিল গ্রহণ করেছেন, অথচ শিক্ষার্থীদের দাবি নাকচ করে হল চালুর ব্যাপারে নিরব রয়েছেন উপাচার্য।
এ ব্যাপারে উপাচার্য ড. একেএম নুরুন্নবীর মুঠোফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

