বিনোদন ডেস্ক : মহারাষ্ট্র নবনির্মাণ পার্টির নেতা রাজ থাকরে’র সাথে বহুবার বলিউড সুপার স্টার অভিনেতা সালমান খানকে দেখা গেছে, তাদের পরস্পরের মধ্যে ভালো সম্পর্কও ছিল। কিন্তু এবার বোধয় সেই সম্পর্কের যবনিকাপাত হতে চলেছে। আর হবেই বা না কেন, সম্প্রতি সালমান খানকে যে তিনি ‘ঘিলুহীন’ মানুষ বলে আখ্যা দিয়েছেন!
জানা গেছে, গত মাসে মুম্বাই হামলার সন্দেহ ভাজন আসামি ইয়াকুব মেমনের ফাঁসি প্রসঙ্গ এবং অভিনেতা সালমান খানের সম্পৃক্ততা বিষয়টি টেনে এনে সম্প্রতি সালমান খানকে ‘ঘিলুহীন’ মানুষ বলেছেন রাজনৈতিক রাজ। ইয়াকুব মেমনের বিষয়টি মনে করে সালমানের সেসময়ের ভূমিকা উল্লেখ করে রাজ বলেন, সালমানের বাবা একজন দায়িত্বশীল এবং সম্মানিয় ব্যক্তি, অথচ সে একটা ঘিলুহীন মানুষ। সে কখনোই সংবাদ পড়ে না, দেখে না, দেশের আইন কানুন সম্পর্কে জানে না; আবেগের বশে ইয়াকুবের পক্ষ নিয়ে টুইট করে ফেলেছিল।
উল্লেখ্য, মুম্বাই হামলার প্রেক্ষিতে আদালত প্রকৃত আসামি টাইগার মেমনের পরিবর্তে তার ভাই ইয়াকুব মেমনের ফাঁসির নির্দেশ দিলে তৎক্ষণাৎ অভিনেতা সালমান টুইট করে এই রায়ের প্রতিবাদ জানিয়েছিলেন। তিনি ইয়াকুবকে ছেড়ে বরং তার ভাই টাইগারকে শাস্তি দিতে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলন। তার এমন টুইটে পুরো ভারতীয়রা ক্ষেপে যায়। রাস্তায় রাস্তায় তার বিরুদ্ধে মিছিল ও তার কুশপুত্তলিকা দাহ করে। যদিও শেষ পর্যন্ত সালমান তার অবস্থান পরিবর্তন করেন।

