স্পোর্টস ডেস্ক : ২০০৯ সালে প্রথম দল হিসেবে এক বছরে ছয়টি শিরোপা জয়েরে রেকর্ড গড়ে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ছয় বছর পর ফের এক বছরে ছয়টি শিরোপা জেতার সুযোগ এসেছে কাতালানদের সামনে। বার্সার মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তার বিশ্বাস, বছরের সম্ভাব্য ছয়টি শিরোপাই ঘরের তোলার মতো যোগ্যতা তার দলের রয়েছে। মঙ্গলবার উয়েফা সুপার কাপের ফাইনালে মুখোমুখি হওয়ার আগের দিন সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
গত মৌসুমে ট্রেবল (কোপা ডেল রে, লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ) জয় করে বার্সেলোনা। উয়েপা সুপার কাপ, স্প্যানিশ সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপের ট্রফি জিততে পারলে চলতি বছর সম্ভাব্য ছয়টি শিরোপাই ঘরে তোলার বিরল রেকর্ড গড়তে পারবে লুইস এনরিকের দল।
২০০৯ সালে পেপ গার্দিওলার অধীনে বার্সেলোনা যখন শিরোপা ষষ্ঠক জিতে তখন দলের অন্যতম সেরা তারকা ছিলেন ইনিয়েস্তা। ছয় বছর বছর এনরিকের অধীনে বছরে ছয়টি শিরোপা জেতার পথেই রয়েছে ইনিয়েস্তার দল।
ইনিয়েস্তা বলেন, ‘আপনি যখন ট্রেবল জিতবেন, তখন আপনাকে এটি আরো কিছু অর্জনের জন্য সুযোগ করে দিবে। আমরা জানি, এটি (বছরে ছয় শিরোপা জেতা) সহজ নয়। আগামীকাল (আজ, মঙ্গলবার) আমরা সেই পথে এক ধাপ এগুতে চাই।’
তবে আপাতত শিরোপা ষষ্ঠক নয়, মঙ্গলবারের ফাইনাল নিয়েই চিন্তা ইনিয়েস্তার। এই স্প্যানিশ মিডফিল্ডার বলেন, ‘আমরা আমাদের প্রতিপক্ষ সম্পর্কে ভালো করেই জানি, তারা শক্তিশালী দল এবং তাদের একজন গ্রেট কোচও রয়েছে। ম্যাচটি কঠিনই হবে। আমরা সম্ভাব্য ছয় শিরোপা জয় নিয়ে বেশ রোমাঞ্চিত। তবে আমাদের ভাবনা-জুড়ে আপাতত মঙ্গলবারের ফাইনাল।’
স্পেনের ২০১০ বিশ্বকাপ জয়ের কারিগর ইনিয়েস্তাকে বার্সেলোনার নতুন অধিনায়ক নির্বাচিত করা হয়। দলের অধিনায়কত্বের আর্মব্যান্ড পরতে পেরে বেশ আনন্দিত এই কাতালান মিডফিল্ডার।
তিনি বলেন, ‘এটি নতুন মৌসুম, (আমার) নতুন দায়িত্ব। তবে এটি আমাকে আরো একটি দুর্দান্ত বছর কাটানোর স্বপ্ন থেকে পিছু হটাবে না। আমিই এখন দলের এক নম্বর অধিনায়ক। তবে অধিনায়ক হিসেবে নয়, বন্ধু ও সতীর্থদের সঙ্গে একসঙ্গে ড্রেসিং রুম ব্যবহার করতে পারাটাই আমার কাছে বড় বিষয়।
লিওনেল মেসিকে প্রশংসায় ভাসালেন বার্সেলোনার নতুন অধিনায়ক। পাশাপাশি জাভি চলে যাওয়ার পর পেদ্রো রদ্রিগেজ তার জায়গায় দারুণ কিছু করবে বলেই মনে করেন তিনি।
ইনিয়েস্তা বলেন, ‘মেসির মতো খেলোয়াড় যখন আপনার দলে থাকবে তখন আপনি সফলতার একটা নিশ্চয়তা পাবেন। আশা করি নতুন মৌসুমেও আমরা আগের মতো একইভাবে চালিয়ে যেতে পারবো। পেদ্রো বিশ্বমানের খেলোয়াড়। আমার বিশ্বাস, নতুন মৌসুমে সে-ও দারুণ করবে।
প্রসঙ্গত, মঙ্গলবার জর্জিয়ায় স্প্যানিশ প্রতিপক্ষ সেভিয়ার বিপক্ষে উয়েফা সুপার কাপের ফাইনালে মুখোমুখি হবে মেসি-নেইমার-সুয়ারেজের বার্সেলোনা। এরপর ১৪ ও ১৭ আগস্ট স্প্যানিশ সুপার কাপের ফাইনালের দুই লেগে অ্যাথলেটিকো বিলবাওয়ের সঙ্গে লড়বে লুইস এনরিকের দল। আর বছরের শেষ দিকে ক্লাব বিশ্বকাপের শিরোপার জন্য লড়াই করবে কাতালানরা। ফলে গত মৌসুমে ট্রেবল জেতা দলটি এই তিনটি শিরোপা জিততে পারলে ২০০৯ সালের পর দ্বিতীয়বারের মতো এক বছরে ছয় শিরোপা জয়ের রেকর্ড গড়বে।

