স্পোর্টস ডেস্ক : সবার দৃষ্টি ছিল মঙ্গলবার গুলশানের দিকে। যেখানে বাফুফে সভাপতির সঙ্গে সভা করার কথা ছিল যুক্তরাজ্য ভিত্তিক ফুটবল ইভেন্ট ম্যানেজম্যান্ট প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল সকার লিগ ইউকের। আগেই তারা প্রস্তাব দিয়েছিল বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ করার। যেটার নাম হত পারে বাংলাদেশ সুপার সকার লিগ। তবে আপাতত সেই টুর্ণামেন্টে আলোর মুখ দেখছে না।
মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দীনের গুলশানের বাসভবনে দুই পক্ষের বৈঠক হয়েছে। সেখানেই এটা নিশ্চিত হওয়া গেছে। তাই বলে হাল ছেড়ে দেয়ার কিছু নেই। বরং আগামী বছর বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে ব্যবস্থাপনায় থাকবে যুক্তরাজ্য ভিত্তিক ফুটবল ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটি। আশাব্যাঞ্জক সাড়া পেলেই পরের মৌসুম থেকে শুরু হতে পারে সুপার সকার লিগ।
মঙ্গলবার বৈঠকের পর বাফুফে সভাপতি জানান, আগামী বছরে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের জমজমাট এই আসরের ব্যবস্থাপনায় থাকবে যুক্তরাজ্য ভিত্তিক কোম্পানিটি। প্রতিষ্ঠানটি সুপার সকার লিগ আয়োজনের যে প্রস্তাব দিয়েছিল সেটি আপাতত হচ্ছে না। তবে ঘরোয়া ফুটবলে তারা সফল হলেই পরের ধাপে এ নিয়ে চিন্তা করবে বাফুফে।
বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, ‘প্রতিষ্ঠানটি প্রথমত বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপণনের দিকটি দেখবে। এরপর ক্লাবগুলোর উন্নয়ন ও ক্লাবগুলোর বিপণনের ক্ষেত্রে কী কী পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে তারা অচিরেই বড় একটি পরিকল্পনা দেবে। আর্থিক লেনদেনের ব্যাপার নিয়ে তেমন আলোচনা হয়নি। আজ যা হয়েছে, তা বলা যায় সমঝোতা চুক্তি স্বাক্ষর’।
ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগের প্রস্তাব প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশন পেয়েছিল গত ডিসেম্বরে। প্রস্তাবটি দিয়েছিল ভারতের সেলিব্রিটি ম্যানেজমেন্ট গ্রুপ (সিএমজি)। কিন্তু শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি।
এবার বেশ ঢাকঢোল পিটিয়ে বাফুফেকে প্রস্তাব দিয়েছিল যুক্তরাজ্যভিত্তিক ফুটবল ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটি।অবশ্য এর আগে গত মে মাসে ফিফা কংগ্রেসে যাওয়া কাজী সালাউদ্দিনের কাছে জুরিখেই এই ধরনের প্রস্তাব দিয়েছিল এই ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ। তাদের প্রাথমিক প্রস্তাব ছিল ইন্ডিয়ান সুপার লিগের মতো করে এই লিগের নামকরণ হবে বাংলাদেশ সুপার সকার লিগ।

