ঢাকাMonday , 10 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুইংয়ে দুর্বলতা কাটাতে অসিদের পরামর্শ পন্টিংয়ের

Link Copied!

Pontingস্পোর্টস ডেস্ক : একদিকে যেমন সমালোচনার ঝড়, অন্যদিকে প্রশংসার বন্যা। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেটে এখন এটাই বাস্তব ছবি। অ্যাশেজে শেষ ২টি টেস্টে চূড়ান্তভাবে ব্যর্থ অসিরা। ক্রিকেটারদের সমালোচনায় বিদ্ধ করেছেন সে দেশের সাবেকরা। রিকি পন্টিং আগের দিনই বেশ কয়েকজন অসি ক্রিকেটারের অ্যাশেজ খেলার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
আবারও মুখ খুলেছেন সাবেক এই অসি অধিনায়ক। তবে সমালোচনা নয়, অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের প্রতি কয়েকটা পরামর্শ দিয়েছেন পন্টিং। অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের মূল সমস্যা হয়েছে সুইং বোলিংয়ে। তাই সুইং বোলিংয়ের প্রতি দূর্বলতা কাটাতে ঘরোয়া ক্রিকেটের শেফিল্ড শিল্ডে ইংল্যান্ডে তৈরি ডিউকস বল ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তিনি।
এতে তরুণ প্রজন্মের ব্যাটসম্যানদের সুইংয়ের প্রতি দূর্বলতা কাটবে বলে পন্টিং মনে করেন। কোকাবুরা বলের থেকে ডিউকস বলে সুইং অনেক বেশি। এ প্রসঙ্গে পন্টিং বলেছেন, ‘আমি দেশে ফিরে গিয়ে এ ব্যাপারে বোর্ডকে সুপারিশ করব। আমার মনে হয় এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় ডিউকস বল ব্যবহার করা উচিত।’
শুধু বলের ব্যাপারেই পরামর্শ দিয়ে থেমে থাকেননি পন্টিং। চার তরুণ ক্রিকেটারকে জাতীয় দলে নেওয়ার সুপারিশও করেছেন অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক। এই চার ক্রিকেটার হলেন— উসমান খাজা, ক্যামেরন ব্যানক্রফ্ট, ট্রেভিস হেড ও পিটার হ্যান্ডস্কম্ব।
গত বছর শেফিল্ড শিল্ডে দারুণ পারফরমেন্স করেছিলেন অস্ট্রেলিয়া ‘এ’ দলের অধিনায়ক খাজা। পন্টিং বলেছেন, ‘আমার মনে হয় খাজাকে ব্যাটিং অর্ডারের ওপরের দিকে যে কোনও জায়গায় সুযোগ দেওয়া উচিত। গতবছর শেফিল্ড শিল্ডে জীবনের সেরা ফর্মে ছিল। ভারত সফরে অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে রানও করছে। এবার খাজার দিকে নির্বাচকদের তাকানো উচিত। ক্যামেরন ব্যানক্রফটও গতবছর শেফিল্ড শিল্ডে দারুণ পারফরমেন্স করেছিল। ট্রেভিস হেড ও পিটার হ্যান্ডস্কম্বের কথাও নির্বাচকদের ভাবতে হবে।’
এদিকে, অস্ট্রেলিয়া সংবাদমাধ্যম যখন মাইকেল ক্লার্কের অবসরের সিদ্ধান্ত নিয়ে তোলপাড়, ব্রিটিশ সংবাদমাধ্যমে শুধুই ইংল্যান্ডের সাফল্যের গুণগান। ‘দ্য টেলিগ্রাফ’ পত্রিকায় অ্যালিস্টার কুকের দলকে ‘গোল্ডেন জেনারেশন’ বলে অভিহিত করা হয়েছে। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ইয়ান বোথাম ‘দ্য মিরর’ পত্রিকায় তাঁর কলামে লিখেছেন, ‘ইংল্যান্ড অসাধারণ ক্রিকেট উপহার দিয়েছে। অস্ট্রেলিয়ার থেকে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং— তিন বিভাগেই দারুণ দক্ষতা দেখিয়েছে।’
জো রুটেরও আলাদা করে প্রশংসা করেছেন বোথাম। মাইকেল আথারটন অস্ট্রেলীয় অধিনায়ক মাইকেল ক্লার্কের প্রতি সমবেদনা জানিয়ে লিখেছেন, ‘পুরস্কার বিতরণীর সময় দেখলাম ক্লার্কের চোখে পানি। কিন্তু আমরা যদি ওর ক্রিকেটীয় জীবনের দিকে তাকাই, তাহলে অসামান্য কৃতিত্ব দেখতে পাব।’