ঢাকাMonday , 10 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছয় ক্রিকেটারকে নিয়ে এইচপির ‌‘পনি’

Link Copied!

bangladeshস্পোর্টস ডেস্ক : কয়েক মাস ধরে হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) কার্যক্রম অব্যাহত রয়েছে। বর্তমানে এইচপির ভেতরে ‘পনি’ (প্লেয়ারস অব ন্যাশনাল ইন্টারেস্ট) নামক একটি বিশেষ প্রোগ্রাম চালু করা হয়েছে। ১৬ দিনের প্রোগামে কাজ করা হচ্ছে ছয়জন ক্রিকেটারকে নিয়ে।
এ প্রোগ্রামে আছেন তিন পেসার রবিউল ইসলাম, শফিউল ইসলাম ও আল-আমিন হোসেন। তাদের সঙ্গে আরও আছেন বাঁহাতি স্পিনার আরাফাত সানি, অলরাউন্ডার শুভাগত হোম এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান মিঠুন আলী। রোববার এইচপির বোলিং কোচ সরোয়ার ইমরান সাংবাদিকদের জানান, পনির কর্মকান্ড সম্পর্কে।
জাতীয় দল থেকে সম্প্রতি ছিটকে পড়া ক্রিকেটারদের এখানে প্রস্তুত করে তোলার জন্য চেষ্টা করা হবে। যাতে জাতীয় দল, ‘এ’ দলের ডাকে তারা যে কোনো সময় তৈরি থাকতে পারেন। তাছাড়া এ প্রোগ্রামে ক্রিকেটারদের স্কিল ডেভেলপমেন্ট নিয়েও কাজ হচ্ছে। সে সঙ্গে ছোট-খাটো ইনজুরি সমস্যা, বোলিং অ্যাকশন সমস্যাও নিয়ে কাজ চলছে বলে জানান এইচপির বোলিং কোচ।
পেসাররা সব সময় ইনজুরি সমস্যায় পড়েন। আর স্পিনারদের আরও শানিত করার জন্য এইচপির এই বিশেষ প্রোগ্রাম হচ্ছে ‘পনি’। এ বিষয়ে এইচপির বোলিং কোচ সারোয়ার ইমরান বলেন, ‘পনি হচ্ছে মোটামুটি সবাই যেন অ্যাকটিভ থাকে। বাসায় চলে গেল, বাড়িতে চলে গেল, দেশে চলে গেল, চোখের বাইরে চলে গেল, এখন মোবাইলে যোগাযোগ করা যায়। তারপরও মাঠে নির্দিষ্ট কাজ করা। কোনো ছোটখাট সমস্যা থাকলে, ফিটনেসের ব্যাপার থাকে, তারা সারাবছর যেন ফিট থাকে। বোলাররা বোলিং করতে পারে, ব্যাটসম্যানরা ব্যাটিং করতে পারে। যে কোনো সময় জাতীয় দলের ডাকে, ‘এ’ দলের ডাকে যেন তৈরি থাকতে পারে।’
এইচপির বোলিং কোচ আরও বলেন, ‘এটা নির্দিষ্ট খেলোয়াড়ের সঙ্গে কাজ করা। এখানে ট্রেনিংটা একটু কঠিন। পনিতে যে ট্রেনিংটা হচ্ছে, যারা জাতীয় দলে নাই অথবা ঢুকতেছে, এমন খেলোয়াড়কে নতুন করে আবারও তৈরি করে দেওয়া।’
রোববার দিনের কার্যক্রম নিয়ে সারোয়ার ইমরান বলেন, ‘আজকে আমার কাছে আল-আমিন, রবিউল এবং শফিউল ছিল। আরাফাত সানি, মিঠুন এরাও অনেকে আসছে। রবিউলের ইনজুরির সমস্যা ছিল। বোলিং করতে এসে ইনজুরড হয়ে যায়। আজকে দুই পা দৌড়ে বোলিং করেছে। অ্যাকশনে সমস্যাও ছিল। সেটা ঠিক করা হয়েছে। পরে বল করছে কোনো সমস্যা হয়নি। প্রায় এক সপ্তাহ ধরে চলবে এভাবে।’
টেকনিক্যাল পরিবর্তন আনা হচ্ছে জানিয়ে সরোয়ার ইমরান বলেন, ‘আমি রবিউলকে নিয়ে কাজ করছি। অ্যাকশন পরিবর্তন করছি। হাত পেছনে যেত। যেহেতু আমি দেখেছি, নরমাল হাঁটার সময় তার হাত পেছনে গেলেও টান পড়ে। অনেক জায়গায় টান পড়ে। হাতটা সামনে আসছে এখন। এগুলো ঠিক করার পর এখন ও মোটামুটি দেখতে ভালোই লাগছে। ইনজুরি হওয়ার সম্ভাবনা কম। শফিউলের ফ্রন্টফুট ল্যান্ডিং করা সময় একটু সমস্যা ছিল। এটা ঠিক করা হয়েছে।’