নিজস্ব প্রতিবেদক : কল ড্রপ কমাতে মোবাইল ফোন অপারেটরদের নির্দেশ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। একই সঙ্গে অপারেটরদের জন্য বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির আশ্বাস দিয়েছেন তিনি ৷ রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বেসরকারি মোবাইল ফোন অপারেটরদের প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি এই নির্দেশ দেন।
তিনি বলেন, ‘এই খাতে বিভিন্ন সমস্যা রয়েছে । সমস্যা আপনাদের দিকেও রয়েছে। আমাদের দিকেও রয়েছে। সমস্যা সমাধান করে একটি ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করতে চাই ৷ একই সঙ্গে আপনাদের জনমুখী সেবা দিতে হবে৷’
প্রতিমন্ত্রী বলেন , ‘আমি দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় করতে চাই। দুর্নীতির বিষয়ে আপনাদের কোন অভিযোগ থাকলে তা যেই হোক, আমাকে জানাবেন ৷’
বৈঠকে অপারেটরদের শীর্ষ কর্মকর্তারা বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে উচ্চ করহার হ্রাস, সিম কর প্রত্যাহার ,প্রযুক্তি নিরপেক্ষতা, সুষ্ঠ প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরিসহ বিভিন্ন সমস্যা তুলে ধরে এ বিষয়ে নতুন প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘সিম কর এখন অনেক কম ৷ অন্য করও কমেছে ৷ অর যেকোনো বিষয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেই বিভিন্ন উদ্যোগ নেয়া হবে।’
তারানা বলেন, ‘নতুন টেলিযোগাযোগ নীতিমালায় প্রযুক্তি নিরপেক্ষতার বিষয়টি অন্তর্ভূক্ত করা হবে ৷
তিনি মোবাইল নম্বর পোর্টেবিলিটি(এমএনপি) চালুর জন্য অপারেটরদের দ্রুত উদ্যোগ নিতে বলেন ৷ টেলিযোগাযাগ নীতিমালা হালনাগাদ ইত্যাদি বিষয়গুলো আলোচনার মাধ্যমেই করা হবে বলেও মন্তব্য করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী ৷
তারানা অপারেটরদের উদ্দেশ্যে বলেন, `ভ্যালু এডেড সেবা গুলো আরও ভালোভাবে দিতে দক্ষ প্রকৌশলী নিয়োগ দিতে হবে ৷’
পরস্পরের টাওয়ার নেটওয়ার্ক শেয়ার করে মোবাইল সেবাকে আরও গ্রহণযোগ্য করে তুলতে অপারেটরদের পরামর্শ দিয়েছেন প্রতিমন্ত্রী ৷
বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ফয়জুর রহমান চৌধুরী, বিটিআরসি চেয়ারম্যান সুনীল কান্তি বোস, গ্রামীণফোনের সিইও রাজীব শেঠী, বাংলালিংক সিইও জিয়াদ সাতারা, রবি’র এমডি ও সিইও সুপুন বীরাসিংহেসহ এয়ারটেল ও সিটিসেলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


