বিনোদন ডেস্ক : সম্প্রতি বলিউড অভিনেত্রী কাজল তার বোন তানিশা মুখার্জির মঞ্চ নাটক ‘দ্য জুরি’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতীয় মিডিয়ার মুখোমুখি হয়েছিলেন। কিন্তু সংবাদ সম্মেলনের মাঝপথেই তার একটি ফোন কল আসে এবং তিনি তড়িঘড়ি করে সেই স্থান ত্যাগ করেন। এরপর থেকেই শুরু হয় নানা গুঞ্জন। ফোনে কী এমন শুনেছিলেন কাজল যে কারণে সংবাদ সম্মেলন ত্যাগ করতে হয়েছে?
এ অনুষ্ঠানের কারণে অনেক দিন পর মিডিয়ার মুখোমুখি হয়েছিলেন কাজল। এ সময় তিনি নাটক এবং তার বোন প্রসঙ্গে মিডিয়াকে বলেন, ‘অবশ্যই আমি খুব উচ্ছ্বসিত। আমি মনে করছি সে খুব ভালো করবে। আমি তার প্রথম নাটকটি দেখেছি। তাতে খুব ভালো করেছে সে। আমার ধারণা এই বারো সে ভালো করবে।’
তারকা অভিনেতাদের মঞ্চে অভিনয় প্রসঙ্গে কাজল মিডিয়াকে বলেন, ‘আমি মনে করি থিয়েটার অভিনয় শিল্পীদের জন্য একটি ভালো প্লাটফর্ম। এটি এমন একটি জায়গা যেখান থেকে আপনি অনেক দক্ষতা অর্জন করতে পারবেন।’
মিডিয়ার সঙ্গে প্রশ্ন-উত্তরের এক পর্যায়ে কাজলের ফোনের রিং পর্যায়ক্রমে বাজতেই থাকে। তিনি তার ফোন রিসিভ করেন। এরপর তিনি মিডিয়ার কাছে ক্ষমা চেয়ে বিদায় নেন। এ সময় কাজলকে বেশ চিন্তিত দেখাচ্ছিল। তিনি এরপর তার গাড়ি চালককে পেছনে বসতে বলে নিজেই গাড়ি চালিয়ে চলে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত তার এ প্রস্থানের কারণ জানা যায়নি।
কাজল তার বোনকে উৎসাহ দেওয়ার জন্যই মূলত এসেছিলেন বলে জানা গেছে। নাটকটি পরিচালনা করছেন দিব্যা পালাত। এ সময় আরো উপস্থিত ছিলেন তানিশার মা তানুজা, জুহি চাওলা, লারা দত্ত, মহেশ ভুপতি, ক্রিকেটার অজিত আগারকার, জহির খান সহ অনেকে।
কাজলের পরবর্তী সিনেমা দিলওয়ালে। এ সিনেমার মাধ্যমে আবারো দেখা মিলবে শাহরুখ-কাজল জুটি। আগামী ডিসেম্বরে মুক্তি পাবে সিনেমাটি।

