বিনোদন ডেস্ক : বর্তমান সময়ে বলিউডের প্রথম সারির অভিনেত্রী ‘কুইন’ খ্যাত কঙ্গনা রানাউত। বৈচিত্রময় চরিত্রে অভিনয় করে ইতিমধ্যে তার সামর্থ জানান দিয়েছেন ইন্ডাস্ট্রিতে। তার ভক্ত অনুরাগিরও কমতি নেই। এবার কঙ্গনার ভক্তের তালিকায় যুক্ত হলেন বলিউডের সুপারস্টার সালমান খানও!
কঙ্গনার এমন ভক্তই সালমান বনে গেছেন যে, আসন্ন ছবি ‘কাট্টি বাট্টি’তে খানের পরামর্শেই নাকি কঙ্গনাকে কেন্দ্রিয় চরিত্র হিসেবে পছন্দ করেন নির্মাতা নিখিল আদভানি।
জানা গেছে, সালমান খানের সাথে ‘সালাম-ই-ইশক্’ এবং ‘হিরো’ ছবিতে কাজ করছেন পরিচালক নিখিল আদভানি। আর তার আসন্ন ছবি ‘কাট্টি বাট্টি’র চিত্রনাট্য সালমানকে দেখানো মাত্রই সালমান ছবিতে ‘পায়েল’ চরিত্রটির জন্য কঙ্গনাকে নেয়ার কথা জানান। এ সম্পর্কে নির্মাতা নিখিল জানান, কোনো কাজ শুরু করার আগে আমি সাধারণত সালমানকে দেখাই। কাট্টি বাট্টি’র কাজ যখন শুরু করি, তখন চিত্রনাট্যটি সালমানকে দেখালে তিনি তা পছন্দ করেন। এবং গল্পে ‘পায়েল’-এর চরিত্রটির জন্য ‘কঙ্গনা’কে কাস্ট করতে অনুরোধ করেন।
উল্লেখ্য, নিখিল আদভানি পরিচালিত ‘কাট্টি বাট্টি’ ছবিতে কঙ্গনা রানাউত ছাড়াও আছেন ইমরান খান। ছবিটি আসছে সেপ্টেম্বরের ১৮ তারিখে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

