স্পোর্টস ডেস্ক : লিগ শুরু হতে এখনও প্রায় সপ্তাহ খানেক বাকি। তার আগেই শিরোপা দিয়ে মওসুম শুরু করে দিল ইতালিয়ান জায়ান্ট জুভেন্তাস। চীনের সাংহাইতে অনুষ্ঠিত ইতালিয়ান সুপার কাপে ল্যাজিওকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতল জিয়ানলুইজি বাফনদের দল।
সাংহাই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ঘিরে চাইনিজদের মধ্যেই ছিল সবচেয়ে বেশি উদ্দীপনা। এরই মাঝে শিরোপা জয়ের মূল কাজটি সেরে নিলেন বাফনরা। আর জুভদের জয়ের মূল নায়ক ছিলেন দুই নতুন মারিও মানজুকিক এবং পাওলো দিয়াবালা।
চীন গিয়ে নতুন শুরু করতে হলো বলা যায় জুভেন্তাসকে। হ্যাটট্রিক সিরি-এ শিরোপা জেতানো মূল দুই নায়কই যে এবার নেই জুভদের দলে। আন্দ্রে পিরলো এলপিআর (ক্যারিয়ারের শেষটা) কাটাতে চলে গেছেন যুক্তরাষ্ট্রের এমএলএস লিগে। আর্জেন্টাইন কার্লোস তেভেজ চলে গেছেন তার পুরনো ক্লাব বোকা জুনিয়র্সে। এটাকেও এলপিআর ছাড়া কিই বা বলার আছে?
দুই মহাতরকাকেছাড়া বলা যায় নতুন যুগেই প্রবেশ করলো জুভেন্তাস। সাংহাই স্টেডিয়ামে প্রথমার্ধে গোলের সুযোগই তৈরী করতে পারেনি জুভরা। যাও কয়েকটি তৈরী হয়েছিল সেগুলোও ফিরে আসে হয়তো ল্যাজির রক্ষণ থেকে। রক্ষণ ভেদ করা সম্ভব হলেও গোলরক্ষক ফেডেরিকো মারচেত্তিরই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়ে যান জুভদের সামনে।
অবশেষে গোলের দেখা পায় জুভরা। ম্যাচের ৬৯ মিনিটে দারুন এক হেড থেকে প্রথম গোলটি করেন অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে জুভেন্তাসে আসা মারিও মানজুকিক। স্টেফানো স্টুরারোর ক্রস থেকেই হেডটি করেন তিনি। ৪ মিনিটের ব্যবধানে আবারও গোল জুভেন্তাসের। এবার গোলদাতা দিয়াবালা। কিংসলে কোমানের পরিবর্তে ৬১ মিনিটে মাঠে নেমে ৭৪ মিনিটেই গোলটি করেন তিনি।
চার বছরে এ নিয়ে তৃতীয় ইতালি সুপারকোপার শিরোপা জিতলো জুভেন্তাস। ২০১৩ সালেও ল্যাজিওর মুখোমুখি হয়েছিল তারা। সেবার জিতেছিল ৪-০ গোলে। মূলতঃ কোপা ইতালিয়া শিরোপা জিতেছে জুভরা, এ কারণেই সুপারকোপায় রানারআপ ল্যাজিওর মুখোমুখি হতে হয়েছে জুভেন্তাসকে।

