নিজস্ব প্রতিবেদক : দেশের এক হাজারের বেশি মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদরাসায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন-১৫ অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ভোট দিয়ে তাদের মধ্য থেকে নেতা নির্বাচিত করার সুযোগ পাচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, এ বছর ৪৮৭টি উপজেলা ও ৮টি মহানগরের ১ হাজার ৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ নির্বাচন হবে। এর মধ্যে ৪৯৫টি মাধ্যমিক স্কুল, ৪৮৭টি দাখিল মাদরাসা ও ৬১টি কারিগরি স্কুল রয়েছে। এসব প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটার ৬ লাখ ২৪ হাজার ৫৩২ জন এবং প্রার্থীর সংখ্যা ১৫ হাজার ৮৪৩ জন।
এ নির্বাচনে প্রত্যেক ভোটার প্রত্যেক শ্রেণীতে একটি ও সর্বোচ্চ তিনটি শ্রেণীতে দুটি করে মোট ৮টি ভোট দিতে পারবে। প্রত্যেক শ্রেণী থেকে একজন করে পাঁচটি শ্রেণী থেকে ৫ জন এবং পরবর্তী সর্বোচ্চ ভোটপ্রাপ্ত তিন শ্রেণী থেকে আরো ৩ জন নিয়ে ৮ জনের স্টুডেন্টস কেবিনেট গঠিত হবে। এ কেবিনেটের মেয়াদ হবে এক বছর। মন্ত্রিপরিষদ শাসিত সরকারের আদলে হবে এ স্টুডেন্ট কেবিনেট।
দেশের প্রতিটি উপজেলায় একটি করে হাইস্কুল, মাদরাসা ও টেকনিক্যাল স্কুলকে স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের জন্য মনোনিত করা হয়েছে। যেসব উপজেলায় টেকনিক্যাল স্কুল নেই সেখানে একাধিক হাইস্কুলকে মনোনিত করা হয়েছে।

