বিনোদন ডেস্ক : পৃথিবীর সবচেয়ে বেশী দেশে সবচেয়ে বেশী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে অংশ নেওয়া বাংলাদেশি ছবি ‘গাড়িওয়ালা’ ফের প্রদর্শিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। ওয়াশিংটনের অষ্টম কলম্বিয়া জর্জ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রতিযোগিতা বিভাগে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে সিনেমাটি।
জানা গেছে, ওয়াশিংটনে অষ্টম কলম্বিয়া জর্জ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে গত ৬ আগস্ট বৃহস্পতিবার। এই গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবটি চলবে আসছে ১৬ আগষ্ট পর্যন্ত। দশ দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি নির্মাতা আশরাফ শিশিরের ‘গাড়িওয়ালা’ প্রদর্শিত হবে ৮ আগস্ট শনিবার।
‘গাড়িওয়ালা’ চলচ্চিত্রটি আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে প্রদর্শিত হলেও বাংলাদেশে এখনো মুক্তির বিষয়টি চূড়ান্ত হয়নি। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, রাইসুল ইসলাম আসাদ, মাসুম আজিজ, সানসি ফারুক, আব্দুর রহমান রাজীব, আর জে মুকুলসহ চারশ’ নাট্যকর্মী। শিশুশিল্পীরা হল মারুফ, কাব্য, অর্ণব, স্বপ্ন, কিন্নর ও ঋদ্ধ।
উল্লেখ্য, এর আগেও যুক্তরাষ্ট্রসহ যুক্তরাজ্য, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, গ্রিস, পর্তুগাল, রাশিয়া, কম্বোডিয়া, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইটালি, চিলি, ভেনিজুয়েলা, কসোভা, রাশিয়া, কেনিয়া মোট ৫ মহাদেশের ১৭টি দেশের ৪২টি শহরে ৪২টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের যোগ্যতা অর্জন করে চলচ্চিত্রটি। এ যাবৎ ‘গাড়িওয়ালা’র ঝুলিতে যোগ হয়েছে যুক্তরাষ্ট্র, ইটালি, ভারত, স্পেন ও চিলি’র আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে মোট ৮টি শ্রেষ্ঠ পুরষ্কার।

