কুড়িগ্রাম প্রতিনিধি : সদ্য বিলুপ্ত ১১১ ছিটমহলের মানুষদের জীবনমান উন্নয়নে ঋণ সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে তথ্য যাচাইয়ের কাজ শুরু করা হয়েছে।
শুক্রবার বিকেলে কুড়িগ্রামের সদ্য বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার কালিরহাট বাজারে ঋণ বিতরণের তথ্য যাচাইয়ের ফরম বিতরণ করেন বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার মহাব্যবস্থাপক খুরশীদ আলম।
এ সময় বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার উপ-মহাব্যবস্থাপক মোফাজ্জল হোসাইন, রফিকুল ইসলাম ও শাখাওয়াত হোসেনসহ বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরে ঋণ বিতরণ নিয়ে মতবিনিময় সভায় খুরশীদ আলম জানান, বিলুপ্ত ছিটবাসীদের ঋণ গ্রহণে জাতীয় পরিচয়পত্র ও জমির প্রয়োজনীয় কাগজপত্র না থাকলেও ক্রাস প্রোগ্রাম ও বিশেষ প্রোগ্রামের আওতায় তফসীলভুক্ত বিভিন্ন ব্যাংক থেকে দ্রুত ঋণ প্রদানে সুপারিশ করা হবে। ঋণ বিতরণে প্রাথমিক পর্যায়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের গুরুত্ব দেয়া হবে। এ ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকে আলাদা ঋণ কার্যক্রম প্রস্তাব পাঠানো হবে।
তিনি জানান, পেশা অনুযায়ী ঋণের ব্যবস্থা করা হবে। ঋণ সহায়তা পেতে ছিটবাসীদের নিকটবর্তী বিভিন্ন তফসীলী ব্যাংকে মাত্র ১০ টাকায় ব্যাংক হিসাব খোলার পরামর্শ দেয়া হয়েছে। তথ্য যাচাইয়ের পর আগামী এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংকের নীতি নির্ধারণী বৈঠকে ছিটবাসীদের জীবনমান উন্নয়নে ঋণ সহায়তার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

