স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড হিরো স্টুয়ার্ট ব্রড অস্ট্রেলিয়ার বিপক্ষে ট্রেন্ট ব্রিজ টেস্টের প্রথম ইনিংসে ১৫ রানের বিনিময়ে ৮ উইকেট লাভ করাকে তার ক্যারিয়ারের সেরা দিন বলে উল্লেখ করেছেন। দল ও নিজের পারফরম্যান্সকে ‘অবিশ্বাস্য’ বলে মন্তব্য করেছেন ব্রড। তবে অ্যাশেজের লড়াই এখনো ফুরিয়ে যায়নি বলে মনে করেন তিনি।
বৃহস্পতিবার ট্রেন্ট ব্রিজ টেস্টের প্রথম দিন ব্রডের বোলিং তোপে পড়ে মাত্র ৬০ রানে গুটিয়ে যায় সফরকারী অস্ট্রেলিয়া। ৯.১ ওভারের স্পেলে মাত্র ১৫ রান দিয়ে ৮ উইকেট দখল করেন এদিন ৩০০ টেস্ট উইকেটের মাইলফলক স্পর্শ করা এই ইংলিশ পেসার।
জো রুটের হার না মানা ১২৪ রানের ইনিংসের সুবাদে প্রথম দিন শেষে ৪ উইকেটে ২৭৪ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। ফলে ৬ উইকেট হাতে নিয়ে ২১৪ রানের লিড নেয়া স্বাগতিকরা ম্যাচ ও সিরিজ জয়ের পথে রয়েছে।
স্টুয়ার্ট ব্রড বলেন, ‘এটি সেই দিনগুলোর একটি যার স্বপ্ন সবাই দেখে। অবশ্যই এটি আমার ক্যারিয়ারের সেরা দিন। এটি পারফেক্ট দিন ছিলো তবে আমি আগামীকাল আবার নতুন করে শুরু করবো।’
এরপর অস্ট্রেলিয়ার ৬০ রানে গুটিয়ে যাওয়া এবং ১৮ রানে নিজের ৮ উইকেট লাভ করাকে ‘অবিশ্বাস্য’ বলে উল্লেখ করে ব্রড বলেন, ‘আমি বারবার স্কোরবোর্ডের দিকে তাকাচ্ছিলাম এবং এটি আমার কাছে বাস্তব মনে হচ্ছিল না। তবে মাঝে মাঝে এমন অস্বাভাবিক ঘটনা ঘটতেই পারে।’
প্রসঙ্গত, ট্রেন্ট ব্রিজ টেস্টের প্রথম ওভারে ক্রিস রজার্সকে আউট করে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন স্টুয়ার্ট ব্রড। তার আগে জেমস অ্যান্ডারসন (৪১৩*), ইয়ান বোথাম (৩৮৩), বব উইলিস (৩২৫) ও ফ্রেড ট্রুমেন (৩০৭) এই কৃতিত্ব দেখান।

