তথ্যপ্রযুক্তি ডেস্ক : সেলিব্রেটিদের সঙ্গে ভক্তদের যোগাযোগ আর খানিকটা বাড়িয়ে দিতে লাইভ ভিডিও স্ট্রিমিং সেবা চালু করলো ফেসুবক। এই সেবার আওতায় অভিনেতা, সঙ্গীত শিল্পী এবং অন্যান্য সেলিব্রেটিরা তাদের লাইভ ভিডিও স্ট্রিমিং ফেসবুকে প্রচার করতে পারবেন।
ফেসবুকের প্রডাক্ট ম্যানেজার ভ্যাডিম ল্যাভরুসিক সম্প্রতি এক ব্লগ পোস্টে জানিয়েছেন, ‘ফেসবুক মেনসন্স’ অ্যাপের মাধ্যমে সেলিব্রেটিরা লাইভ ভিডিও শেয়ার করতে পারবেন। ফলে ক্রীড়াবিদ, সঙ্গীতশিল্পী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং অন্যান্য জনপ্রিয় ব্যক্তিরা তাদের ভক্তদের সঙ্গে আর একাত্ব হতে পারবেন।
ভ্যাডিম ল্যাভরুসিক আরও জানান, সেলিব্রেটিদের এই ভিডিওতে ভক্তরা লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে পারবেন। অন্যদিকে কারা কারা সেলিব্রেটিদের ভিডিওতে চোখ রাখতে তাও জানা যাবে।
শুধু তাই নও কেউ যদি তার প্রিয় সেলিব্রেটির লাইভ ভিডিও স্ট্রিমিং না দেখতে পারেন তবে অন্য যেকোনো সময় ভিডিওটি দেখার সুযোগ রয়েছে।
ইতোমধ্যে বিখ্যাত অনেক তারকাই এই অ্যাপটি ব্যবহার করে ফেসবুকে লাইভ ভিডিও স্ট্রিমিং প্রচার করছেন।

