বিনোদন ডেস্ক : গত বছরের ২৪ অক্টোবর আলিফ সালাউদ্দীন মালিককে বিয়ে করেন লাক্স চ্যানেল আই সুপারস্টার খ্যাত অভিনেত্রী আফসান আরা বিন্দু। তখনই সাংবাদিকদের নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে বলেছিলেন, ‘পরিবার চায় না আমি আর অভিনয় করি। আমি পরিবারের সদস্যদের কথা মানতে চাই।’
তিনি পরিবারকে দেওয়া কথা রেখেছেন। এর পর বিন্দুকে আর মিডিয়ায় দেখা যায়নি। এমন কি ঈদের মতো বড় উৎসবেও তার দেখা মেলেনি। তবে বিয়ের আগে এবারে একটি দেখা মিলবে অঞ্জন আইচের নাটক ‘সত্য’-তে। নাটকটি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও তৈরি করেছেন তিনি।
নির্মাতা সূত্রে জানা গেছে, এতে বিন্দু ছাড়াও অভিনয় করেছেন আবুল হায়াত, ফারুক আহমেদ, টুটুল, রাশেদ মামুন অপু প্রমুখ।
নাটকটিতে দেখা যাবে, রহমান সাহেব গ্রামের একজন সন্মানিত ব্যক্তি। একমাত্র মেয়ে এবং জামাই নিয়ে তার সংসার। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে হঠাৎ লক্ষ্য করেন, তার হাতের নখের চারপাশ অস্বাভাবিক রকম কালো হয়ে যাচ্ছে। দিনের পর দিন সেই দাগ বেড়েই চলেছে। তার নিজের মধ্যে পাপ বোধ উপলব্ধি হয়। কেউ জানে না, তিনি অল্প বয়সে একজন ভয়ংকর ডাকাত ছিলেন। বহু মানুষের উপর অন্যায় অত্যাচার করেছেন। সেই অন্যায়ের কারণেই তার হাত কালো হয়ে যাচ্ছে বলে মনে করেন তিনি।
এদিকে, তার মেয়ে গ্রামের মানুষদের সঙ্গে সুদের ব্যবসা করে। একদিন এক মেয়ে গ্রামে এসে উপস্থিত হয় এবং সে রহমান সাহেবকে বলে, তার মেয়ের জামাইয়ের আগের ঘরের স্ত্রী সে। নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে এগিয়ে যায় নাটক ‘সত্য’।
৭ আগস্ট, শুক্রবার সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।
বিন্দু ২০০৬ সালে লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পান। এর পর থেকেই নিয়মিত নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। তিনি দারুচিনি দ্বীপ, জাগো, পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ এবং এইতো প্রেম চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

