চট্টগ্রাম প্রতিনিধি : বন্দর নগরী চট্টগ্রামে বিজিএমইএ’র আয়োজনে প্রথমবারের মত শুরু হয়েছে বাংলাদেশ অ্যাপারেল অ্যান্ড সেইফটি এক্সপো ২০১৫।
বৃহস্পতিবার দুপুরে পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু’তে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এসময় সাথে ছিলেন, চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন, ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরি মাইয়োডোন, ইউরোপীয়ন পার্লামেন্টের মেম্বার ও দক্ষিণ এশিয়ার বিষয়ক বাণিজ্য বিষয়ক চেয়ারম্যান সাজ্জাদ করিম, মার্কিন রাষ্ট্রদূত মারচিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট ও বিজিএমইএ’র প্রথম সহসভাপতি নাছির উদ্দিন আহমেদ চৌধুরী।
রেডিসন ব্লু’র মেজবান হলে অনুষ্ঠিত প্রথমবারের মত শুরু হওয়া বন্দর নগরী চট্টগ্রামে শুরু হয়েছে বাংলাদেশ অ্যাপারেল অ্যান্ড সেইফটি এক্সপোতে অংশ নিচ্ছে মোট ৭৩টি স্টল। দেশের নামকরা গার্মেন্টস প্রতিষ্ঠান আজিম গ্রুপ, ওয়েল গ্রুপসহ ১৭টি তৈরি পোশাক, ফেব্রিক্স ১টি, গার্মেন্টস এক্সেসরিজ ২টি, গার্মেন্টস ফেব্রিক্স(লোকাল) ১টি, মেশিনারি ১৮টি, ফায়ার ইক্যুইপম্যান্ট ২৫টি, সার্ভিস প্রোভাইডার্স ৭ এবং বিজিএমইএ’র দু’টি স্টল রয়েছে।
উদ্বোধন শেষে প্রধান অতিথি অন্য অতিথিদের নিয়ে বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এসময় তিনি দেশের নামকরা পোশাক তৈরি প্রতিষ্ঠান আজিম গ্রুপের স্টলও পরিদর্শন করেন।
তিন দিনের এ আসরে বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়েছে। বায়ার্স ফোরাম পুরোপুরিভাবে মেলায় অংশ নেয়। আয়োজনে দেশি-বিদেশি বিশেষজ্ঞ ও অংশীদার দেশগুলো সরকারি প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থা, বেসরকারি উদ্যোক্তা, শ্রমিক প্রতিনিধি, সুধীসমাজের প্রতিনিধি, ব্র্যান্ড বায়ার, শিক্ষাবিদ এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা অংশ নিয়েছেন।
মেলায় দুইদিন পোশাক খাতের নিজস্ব ব্র্যান্ডিং, অর্থায়ন, রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন, অবকাঠামো উন্নয়ন বিষয়ক চারটি সেমিনার অনুষ্ঠিত হবে। ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’, ‘ট্রেনিং অ্যান্ড ডেভলপিং স্কিলস ফর স্ট্রং, সাসটেইনেবল অ্যান্ড ব্যালেন্সড গ্রোথ’, ‘ফিন্যান্সিং অ্যাপারেল গ্রোথ’ এবং ‘ক্যাপাসিটি বিল্ডিং অব পোর্ট, কাস্টমস, পাওয়ার অ্যান্ড ইনফ্রাস্টাকচার টু রিচ ৫০ বিলিয়ন ডলার ইন ২০২১’ শীর্ষক সেমিনারগুলোতে দেশি বিদেশি বিশেষজ্ঞদের প্রতিবেদন উপস্থাপন করা হবে।
বৃহস্পতিবার দুপুর ২টায় ‘ব্রান্ডিং বালাদেশ’ শীর্ষক প্রথম সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে আছেন সাবেক বাণিজ্য মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ার। বিজিএমইএ’র সভাপতি আতিকুল ইসলামের সভাপতিত্বে এ সেমিনারে মডারেটরের দায়িত্ব পালন করছেন মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক।
আলোচনায় অংশ নিচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত মারিচা স্পিফেন্স ব্লুম বার্নিকাট, কলোরাডু বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ড. জেরিফার বেয়ার, ইউএনআইডিও বেস্ট এর গার্মেন্টস ও টেক্সটাইলের আন্তর্জাতিক সমন্বয়কারী জন টি স্মিথ, এ্ইচ এম বাংলাদেশের প্রধান প্রতিনিধি রজার হার্ভাট।

