স্পোর্টস ডেস্ক : গ্রীষ্মকালীন ছুটিতে ছিলেন লিওনেল মেসি ও নেইমার। এই দুজনের অনুপস্থিতিতে বার্সাও যেন ‘নিষ্প্রভ’ হয়ে পড়ে। প্রাক-মৌসুম প্রস্তুতির প্রথম ম্যাচে এসএ গ্যালাক্সির বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও এরপর হোঁচট খায় কাতালানরা। টানা তিনটি ম্যাচে হেরে বসে যথাক্রমে ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও ফিওরেন্টিনার কাছে।
তবে মেসি ও নেইমার দলে ফিরতেই স্বরূপে ফিরলো বার্সা। দলের এই দুই সেরা তারকার প্রত্যাবর্তন ম্যাচে রোমাকে ৩-০ গোলে হারিয়ে গাম্পার ট্রফি ঘরে তুলে গতবারের ট্রেবল জয়ীরা। যার কারণে হাসি ফুটেছে কোচ লুইস এনরিকের মুখে।
কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে টাইব্রেকারে হেরে বসে মেসির আর্জেন্টিনা। আর ‘বিতর্কিত’ কর্মকাণ্ডের জন্য তো নেইমার চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়ে নির্বাসিত হন। নতুন মৌসুমে এই প্রথম মাঠে নামলেন মেসি ও নেইমার। আর ফিরেই দলকে ছন্দে ফেরালেন তিনি। ঘরের মাঠ ন্যু-ক্যাম্পে রোমাকে ৩-০ গোলে হারানো ম্যাচে গোল পান দুজনই।
লুইস এনরিক বলেন, ‘মাঠে তাদের (মেসি ও নেইমার) অসাধারণ মনে হলো। তাদের পারফরম্যান্স ছিল অসাধারণ। মেসি, নেইমার, মাসচেরানো ও দানি আলভেজ দলের প্রয়োজনীয় মুহূর্তে ফিরে এসেছে। লম্বা ছুটিতে থাকার সময় আপনাকে সব সময় ডায়েট মেনে চলতে হবে। তারা নিঃসন্দেহে সেটি অনুসরণ করেছে। তারা ফিরে আসায় দলও ছন্দে ফিরেছে। আর আমরা এই পথটিতেই চলতে চাই।’
প্রসঙ্গত, আগামী ১১ আগস্ট ইউরোপিয়ান সুপার কাপের ফাইনালে মুখোমুখি হবে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী বার্সেলোনা ও ইউরোপা লিগ চ্যাম্পিয়ন সেভিয়া। পরের সপ্তাহে স্প্যানিশ সুপার কাপে দুই লেগের ফাইনালে অ্যাথলেটিকো বিলবাওয়ের মুখোমুখি হবে মেসি-নেইমারের দল। ১৪ আগস্ট বিলবাওয়ের মাঠ সাম মেমোজে প্রথম লেগের পর ১৭ আগস্ট ফিরতি লেগ ন্যু-ক্যাম্পে অনুষ্ঠিত হবে।

