নিজস্ব প্রতিবেদক : বেসরকারি শিক্ষার উপর বাজেটে আরোপ করা ৭.৫% ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথীরা।
‘নো ভ্যাট অন এডুকেশন’ ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান করতে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মিছিল বের করলে পুলিশ তাদের বাধা দেয়। বাধা পেয়ে তারা প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে। এ সময় প্রেসক্লাব ও এর আশেপাশের এলাকায় সৃষ্টি হয় যানজট। পরে অবরোধে তুলে নিয়ে আন্দোলনকারীদের দুই সদস্যের একটি প্রতিনিধিদল স্মারকলিপি প্রদান করতে যায়।
স্মারকলিপি প্রদানের আগে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করেন শিক্ষার্থীরা। এতে সভাপতিত্ব করেন নো ভ্যাট অন এডুকেশনের প্রধান সমন্বয়ক ফাহান হাবীব।
সভায় বক্তারা বলেন, বলা হয় মেধাবীরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে না। আমরা বাধ্য হচ্ছি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে। কারণ, আমাদের সরকারি বিশ্ববিদ্যালয়ে কয়টি আসন আছে? সরকার আমাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারে না। বরং আমাদের শিক্ষার উপর ভ্যাট আরোপ করে শিক্ষার মূল্যবৃদ্ধি করছে।
বক্তারা আরো বলেন, আমাদের আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়, অধিকার আদায়ের। আমাদেরকে পুলিশ দিয়ে বাধা দেয়া হচ্ছে। আমাদেরকে ধরে কি লাভ? তাদেরকে ধরুন, যেসব ছাত্ররা টেন্ডারবাজি করে, রগ কাটে।
স্মারকলিপি প্রদান করতে বঙ্গভবনে যান ফারহান হাবীব ও সালাউদ্দিন মিঠু।
শিক্ষার উপর থেকে সাড়ে ৭ ভাগ ভ্যাট প্রত্যাহার ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নীতিমালা প্রণনয়নের দুই দফা মূল দাবিসহ স্মারকলিপিতে আন্দোলনকারীরা ৫ দিনের মধ্যে সংকট নিরসনে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়েছে। অন্যথায় কঠোর কর্মসূচির কথা বলেছে শিক্ষার্থীরা।

